সারাদেশে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনের জন্য বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ক্যাপ্টেন পদমর্যাদার ও তার ওপরের কমিশন্ড কর্মকর্তাদের ক্ষমতার মেয়াদ আরও দুই মাস বাড়ানো হয়েছে।
রোববার (১৩ জুলাই) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
নতুন আদেশ অনুযায়ী, আগামী ১৪ জুলাই থেকে পরবর্তী ৬০ দিন পর্যন্ত সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী এবং প্রেষণে নিয়োজিত কোস্টগার্ড ও বিজিবির সমমর্যাদার কর্মকর্তারা ফৌজদারি কার্যবিধির আওতায় বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রয়োগ করতে পারবেন।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ‘দ্য কোড অব ক্রিমিনাল প্রসিডিউর, ১৮৯৮’–এর ১২(১) ও ১৭ ধারার অধীনে কমিশন্ড কর্মকর্তাদের এ ক্ষমতা দেওয়া হয়েছে। তারা ফৌজদারি কার্যবিধির ৬৪, ৬৫, ৮৩, ৮৪, ৮৬, ৯৫(২), ১০০, ১০৫, ১০৭, ১০৯, ১১০, ১২৬, ১২৭, ১২৮, ১৩০, ১৩৩ ও ১৪২ ধারার আওতাভুক্ত অপরাধে পদক্ষেপ নিতে পারবেন।
এর আগে ২০২৪ সালের ১৭ সেপ্টেম্বর প্রথমবারের মতো সশস্ত্র বাহিনীকে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়। এরপর থেকে প্রতি দুই মাস অন্তর এ মেয়াদ নবায়ন করা হচ্ছে।
-পার্বত্য সময়


