ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ কে সামনে রেখে কক্সবাজার এরিয়া পরিদর্শন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সফরকালে তিনি কক্সবাজারের বিয়াম ফাউন্ডেশন আঞ্চলিক কেন্দ্রের সম্মেলন কক্ষে ঊর্ধ্বতন পর্যায়ের সামরিক কর্মকর্তা, বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং অসামরিক প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, মতবিনিময় সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় এবং সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এ সময় সেনাবাহিনী প্রধান দায়িত্ব পালনে পেশাদারিত্ব, নিরপেক্ষতা, শৃঙ্খলা, ধৈর্য এবং নাগরিকবান্ধব আচরণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, জনগণের আস্থা অর্জনের মাধ্যমেই দায়িত্ব সফলভাবে পালন করা সম্ভব।
পরিদর্শনকালে সেনাপ্রধান ‘ইন এইড টু দ্য সিভিল পাওয়ার’-এর আওতায় মোতায়েনকৃত সেনাসদস্যদের কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
কক্সবাজার এরিয়া পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন- জেনারেল অফিসার কমান্ডিং, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড; জিওসি, ১০ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, কক্সবাজার এরিয়া; বাংলাদেশ বিমান বাহিনী বেইজ কক্সবাজারের এয়ার অফিসার কমান্ডিং; সেনাবাহিনীর সামরিক সচিবসহ সেনাসদর ও কক্সবাজার এরিয়ার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা।
এ ছাড়া চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার, অসামরিক প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরাও এ সময় উপস্থিত ছিলেন।


