গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সাথে বুধবার (১৯ মার্চ) সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
সাক্ষাতে সেনাপ্রধান দেশের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি, সেনাবাহিনীর চলমান কার্যক্রম ও উন্নয়ন-স্থিতিশীলতা রক্ষায় গৃহীত পদক্ষেপ সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। তিনি তার সাম্প্রতিক সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক সফরের বিষয়েও আলোচনা করেন, যা দুই দেশের সামরিক সহযোগিতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন।
এছাড়া, সেনাবাহিনী প্রধান সেনা সদস্যদের সুবিচার নিশ্চিতকরণ, উচ্চপদস্থ পর্ষদে জেসিও ও অন্যান্য সেনা সদস্যদের অবস্থা এবং জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহত ছাত্র-জনতার চিকিৎসায় সেনাবাহিনীর গৃহীত পদক্ষেপ সম্পর্কে অবহিত করেন।
প্রধান উপদেষ্টা সেনাবাহিনীর ভূমিকা ও অবদানের প্রশংসা করেন এবং ভবিষ্যৎ কার্যক্রমে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি আশা প্রকাশ করেন যে সেনাবাহিনী পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা নিশ্চিত করতে তাদের দায়িত্ব অব্যাহত রাখবে।