কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলহাজারা ইউনিয়নের মাইজপাড়া এলাকায় অস্ত্র উদ্ধার অভিযান চালানোর সময় সেনাবাহিনীর একটি দলের সাথে স্থানীয় একদল ডাকাতের সংঘর্ষে জড়িয়ে পড়ে। এই সংঘর্ষে সেনাবাহিনীর একজন লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন ডাকাতদের ছুরিকাঘাতে মারাত্মকভাবে আহত হন।
গত মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) ভোর সাড়ে তিনটার দিকে এই ঘটনা ঘটে। আহত অবস্থায় লেফটেন্যান্ট তানজিমকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হচ্ছিল। কিন্তু রামু এলাকায় পৌঁছানোর পথে তিনি মারা যান।
এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ডাকাত দলের কয়েকজন সদস্যকে আটক করেছে পুলিশ। আটকদের মধ্যে জিয়াবুল ও বেলাল অন্যতম।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনজুর কাদের ভূঁইয়া এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সেনাবাহিনীর একটি দল রাতের আঁধারে অস্ত্র উদ্ধারের অভিযান চালানোর সময় ডাকাতদের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এই সংঘর্ষের একপর্যায়ে লেফটেন্যান্ট তানজিম ডাকাতদের ছুরিকাঘাতে আহত হন।
মৃতদেহটি বর্তমানে রামু স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।
-পার্বত্য সময়

