উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে রোহিঙ্গা বিদ্রোহী সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (এআরএসএ) প্রধান আতাউল্লাহসহ ১৬ জনকে আটক করেছে র‍্যাব-১১। এ সময় তাদের কাছ থেকে নগদ ২১ লাখ ৩৯ হাজার ১০০ টাকা উদ্ধার করা হয়।

সোমবার (১৭ মার্চ) রাতে সিদ্ধিরগঞ্জের ভূমিপল্লী আবাসিক এলাকার একটি বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।

আটককৃতদের মধ্যে রয়েছেন—মিয়ানমারের আরাকান রাজ্যের মৃত মৌলভী গোলাম শরীফের ছেলে আতাউল্লাহ (৪৮), মৃত লাল মিয়ার ছেলে মোস্তাক আহাম্মদ (৬৬), ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানার আতিকুল ইসলামের ছেলে মনিরুজ্জামান (২৪), মৃত আব্দুল আমিনের ছেলে সলিমুল্লাহ (২৭), সলিমুল্লাহর স্ত্রী আসমাউল হোসনা (২৩) এবং আরাকান রাজ্যের নুর আলমের ছেলে মো. হাসান (১৫)।

মঙ্গলবার (১৮ মার্চ) এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম।

মামলার তথ্য অনুযায়ী, নাশকতার পরিকল্পনায় আটক ব্যক্তিরা নারায়ণগঞ্জ ও ময়মনসিংহসহ দেশের বিভিন্ন স্থানে অবস্থান করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে এবং পরবর্তীতে থানায় হস্তান্তর করে।

ওসি মোহাম্মদ শাহিনূর আলম জানান, ‘র‍্যাব-১১ ময়মনসিংহ ও সিদ্ধিরগঞ্জ থেকে রোহিঙ্গা নাগরিকসহ মোট ১৬ জনকে আটক করেছে। তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ ও নাশকতার পরিকল্পনার অভিযোগে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। তদন্তের পর বিস্তারিত তথ্য জানানো সম্ভব হবে।’