বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ডিজিএফআই কর্মকর্তা রিজওয়ান রুশদী হত্যা মামলায় আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) প্রধান আতাউল্লাহ আবু আম্মার জুনুনীসহ ১০ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার (৭ এপ্রিল) বান্দরবান জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত বিচারক অরুণ পাল তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আসামিদের মধ্যে রয়েছেন– আরসা প্রধান আতাউল্লাহ আবু আম্মার জুনুনী, মাস্টার দিল মোহাম্মদ, জামাল হোসেন, মো. সাইফুল্লাহ, হাফেজ এহাসান ওরফে হাফেজ সোলেইমান, মো. সোহাইল, ফয়েজুল ইসলাম, রমজান আলী, নোমান চৌধুরী ও মৌলভি হামিদ উল্লাহ।
মামলার নথি অনুযায়ী, ২০২২ সালের ১৪ নভেম্বর তমব্রু মধ্যমপাড়ায় যৌথবাহিনীর অভিযানে আরসা প্রধানের নির্দেশে গুলি চালানো হয়। এতে নিহত হন স্কোয়াড্রন লিডার রিজওয়ান রুশদী এবং আহত হন আরও কয়েকজন।
ঘটনার পর ২৩ নভেম্বর নাইক্ষ্যংছড়ি থানায় ৫২ জনের বিরুদ্ধে মামলা করেন ডিজিএফআইয়ের সহযোগী সংস্থার একজন কর্মকর্তা। পরবর্তীতে অভিযানে গ্রেপ্তার হওয়া ১০ আসামিকে আদালতে হাজির করা হলে তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়।
এ বিষয়ে অতিরিক্ত সরকারি কৌঁসুলি জয়নাল আবেদিন ভুঁইয়া জানান, মামলার কার্যক্রম চলমান রয়েছে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
-পার্বত্য সময়


