কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা সশস্ত্র সংগঠন আরসা-এর কমান্ডার হিসেবে পরিচিত জাহিদ হোসেন ওরফে লালুকে গ্রেপ্তার করেছে যৌথ আভিযানিক দল। এ সময় তার কাছ থেকে একটি ফাইভ স্টার পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এফডিএমএন ক্যাম্প-১ (ওয়েস্ট)-এর ভেতরে একটি চায়ের দোকান থেকে তাকে আটক করা হয়।

আইনশৃঙ্খলা বাহিনী সূত্র জানায়, ওয়ারেন্টভুক্ত আসামি লালু দীর্ঘদিন ধরে রোহিঙ্গা ক্যাম্পে অপহরণ, চাঁদাবাজি ও অস্ত্র ব্যবসাসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল। সাবেক আরসা প্রধান আতাউল্লাহ জুনুনির নেতৃত্বে সংঘটিত একাধিক হত্যাকাণ্ডের সঙ্গেও তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।

গোয়েন্দা তথ্যমতে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নাশকতার পরিকল্পনায় সে পুনরায় সক্রিয় হচ্ছিল।

গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।