নারায়ণগঞ্জ জেলা কারাগারে আটক থাকা আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা)-র ছয় সদস্যকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়েছে।
বুধবার বিকেল ২টা ৪০ মিনিটে পুলিশের একটি প্রিজন ভ্যানে করে তাদের ময়মনসিংহে নিয়ে যাওয়া হয়। নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় এই স্থানান্তর কার্যক্রম পরিচালিত হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এই ছয়জনের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার কোতোয়ালি থানায় দায়েরকৃত দুটি মামলায় সন্ত্রাসবিরোধী আইন ও বিশেষ ক্ষমতা আইনের বিভিন্ন ধারায় অভিযোগ রয়েছে। মামলাগুলো যথাক্রমে কোতোয়ালি থানার মামলা নম্বর ৭৫(৩)২৫ ও ৭৬(৩)২৫ হিসেবে নথিভুক্ত। প্রথম মামলায় সন্ত্রাসবিরোধী আইন ২০০৯ (সংশোধনী ২০১৩)-এর ৬(২), ৮, ৯, ১০, ১২ ও ১৩ ধারা এবং দ্বিতীয় মামলায় বিশেষ ক্ষমতা আইনের ২৫(বি) ধারা অন্তর্ভুক্ত করা হয়েছে।
জানা গেছে, স্থানান্তরিত আসামিদের মধ্যে পাঁচজন মিয়ানমারের আরাকান রাজ্যের মংডু ও বুথিডং এলাকার বাসিন্দা এবং একজন বাংলাদেশি নাগরিক। তারা হলো আতাউল্লাহ আবু আম্মার জুনুনী আতাউল্লাহ, মোঃ হাসান, সলিমুল্লাহ, মোস্তফা আহাম্মদ, আসমত উল্লাহ এবং মনিরুজ্জামান। তাদের বিরুদ্ধে বাংলাদেশের ভেতরে জঙ্গি তৎপরতা পরিচালনার অভিযোগ রয়েছে, যা দেশের নিরাপত্তার জন্য হুমকি বলে আইনশৃঙ্খলা বাহিনী মনে করছে।
ময়মনসিংহে স্থানান্তরিত আসামিদের আগামী ২৪ এপ্রিল ২০২৫ তারিখে ময়মনসিংহের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত (১নং জি আর আমলী)–এ হাজির করা হবে। আদালতে হাজিরা উপলক্ষে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার ও সংশ্লিষ্ট এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
উল্লেখ্য, আরসা নামে পরিচিত এই সংগঠনটি মিয়ানমারে সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী কার্যক্রম পরিচালনার পাশাপাশি বাংলাদেশে রোহিঙ্গা শিবির ও সীমান্তবর্তী এলাকাগুলোতে সন্ত্রাসী কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে দীর্ঘদিন ধরেই নজরদারিতে রয়েছে। দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা বিঘ্নিত করার আশঙ্কায় এসব মামলায় তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।
-পার্বত্য সময়


