বান্দরবানের আলীকদম উপজেলার তৈন খালে ভেসে যাওয়া তিন পর্যটকের মধ্যে দ্বিতীয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৩ জুন) সকাল সাড়ে ১০টার দিকে আলীকদম সদর ইউনিয়নের আমতলী ঘাট এলাকায় খাল থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। নিহতের নাম স্মৃতি, তিনি ‘ট্যুর এক্সপার্ট’ নামক একটি পর্যটক দলের সদস্য ছিলেন।
পুলিশ জানায়, স্থানীয়দের খবরের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করা হয়। পরে পরিচয় নিশ্চিত হলে জানা যায়, এটি নিখোঁজ পর্যটক স্মৃতির মরদেহ। এর আগে বৃহস্পতিবার সকালে শেখ জুবাইরুল ইসলামের লাশ উদ্ধার করা হয়। এখনো নিখোঁজ রয়েছেন ওই দলের সহ-সমন্বয়কারী ট্যুর অপারেটর হাসান চৌধুরী।
জানা গেছে, গত ৯ জুন ‘বর্ষা’ নামে এক নারী ট্যুর অপারেটরের নেতৃত্বে ৩৩ সদস্যের পর্যটক দলটি আলীকদমে আসে। দুই ভাগে বিভক্ত দলের একটি অংশ আলীকদমের ক্রিসতং পাহাড় ও থানচির সাকাহাফং চূড়ার দিকে যাওয়ার পথে তৈন খালের একটি পাহাড়ি ঝিরি পার হওয়ার সময় তিনজন প্রবল স্রোতে ভেসে যান।
আলীকদম থানার ওসি মির্জা জহির উদ্দিন বলেন, “আজ আরও একজন নারী পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ ব্যক্তির সন্ধানে উদ্ধার অভিযান চলছে। দুর্গম এবং নেটওয়ার্কবিহীন এলাকায় অভিযান পরিচালনায় কিছুটা সমস্যা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।”
উল্লেখ্য, বর্ষাকালে এমন ঝুঁকিপূর্ণ গন্তব্যে পর্যটকদের অনিয়ন্ত্রিত প্রবেশ নিয়ে স্থানীয় পর্যটন সংশ্লিষ্ট মহলে আবারও উদ্বেগ তৈরি হয়েছে। প্রশাসন বলছে, পরবর্তী পর্যায়ে দুর্গম ট্রেইলে পর্যটন নিরাপত্তা বিধান ও অনুমোদন প্রক্রিয়া আরও কঠোর করা হতে পারে।
-পার্বত্য সময়


