স্বল্পোন্নত দেশগুলোর (এলডিসি) টেকসই উন্নয়ন ও উন্নয়ন অগ্রগতির ধারাবাহিকতা বজায় রাখতে প্রতিশ্রুত বৈদেশিক উন্নয়ন সহায়তা (ওডিএ) প্রদান এবং সহজ শর্তে অর্থায়ন সম্প্রসারণের আহ্বান জানিয়েছে বাংলাদেশ।
জাতিসংঘ সাধারণ পরিষদ ও ইকোসকের যৌথ থিম্যাটিক অনুষ্ঠানে দোহা কর্মসূচি (ডিপিওএ) বাস্তবায়নের মধ্যমেয়াদি পর্যালোচনা বিষয়ে বক্তব্য দিতে গিয়ে এ আহ্বান জানান জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি সালাহউদ্দিন নোমান চৌধুরী।
বক্তব্যে তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব, বৈশ্বিক ঋণ সংকট এবং জ্বালানি নিরাপত্তাহীনতার কারণে অনেক স্বল্পোন্নত দেশের উন্নয়ন অগ্রগতি হুমকির মুখে পড়েছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও দৃঢ়, কার্যকর ও সমন্বিত সহায়তা প্রয়োজন।
বাংলাদেশের স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের অভিজ্ঞতা তুলে ধরে রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী উত্তরণকাল তিন বছর বাড়ানোর পক্ষে বাংলাদেশের অবস্থান ব্যাখ্যা করেন। তিনি বলেন, উত্তরণের আগে, চলাকালীন এবং পরবর্তী সময়ে এলডিসিগুলোর জন্য বৈশ্বিক রাজনৈতিক অঙ্গীকার ও উন্নয়ন সহযোগিতা আরও জোরদার করা জরুরি।
তিনি আশা প্রকাশ করেন, ২০২৭ সালের মার্চে দোহা-এ অনুষ্ঠিতব্য দোহা কর্মসূচির মধ্যমেয়াদি পর্যালোচনা সম্মেলন এলডিসি ও উত্তরণশীল দেশগুলোর জন্য গৃহীত প্রতিশ্রুতির বাস্তবায়ন ত্বরান্বিত করবে এবং বাস্তবসম্মত ও সুনির্দিষ্ট ফলাফল অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিশেষজ্ঞদের মতে, এলডিসি থেকে উত্তরণের পথে থাকা দেশগুলোর জন্য আন্তর্জাতিক সহায়তা অব্যাহত রাখা এবং বাণিজ্য ও অর্থায়নে বিশেষ সুবিধা নিশ্চিত করা উন্নয়ন অর্জনকে টেকসই করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।


