মালয়েশিয়ার সঙ্গে পাঁচটি সমঝোতা স্মারক (MoU) এবং তিনটি ‘নোট অব এক্সচেঞ্জ’ সই করেছে বাংলাদেশ। মঙ্গলবার (১২ আগস্ট) সকালে পুত্রজায়ায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের উপস্থিতিতে এ চুক্তিগুলো স্বাক্ষরিত হয়।
দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহায়তা, জ্বালানি, কৌশলগত ও আন্তর্জাতিক শিক্ষা এবং ব্যবসা-বাণিজ্য উন্নয়নে পাঁচটি সমঝোতা স্মারক সই হয়। এছাড়া উচ্চশিক্ষা, কূটনীতিক প্রশিক্ষণ এবং হালাল ইকোসিস্টেম উন্নয়নে তিনটি নোট অব এক্সচেঞ্জ বিনিময় করা হয়।

বৈঠকের আগে অধ্যাপক ইউনূস মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিদর্শন বইয়ে সই করেন এবং আনোয়ার ইব্রাহিমের কাছ থেকে আনুষ্ঠানিক স্বাগত গ্রহণ করেন।

তিন দিনের রাষ্ট্রীয় সফরে সোমবার কুয়ালালামপুর পৌঁছালে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুতিওন ইসমাইল বিমানবন্দরে লালগালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার দিয়ে প্রধান উপদেষ্টাকে অভ্যর্থনা জানান।
-পার্বত্য সময়


