ভারতে অবস্থানরত রোহিঙ্গা শরণার্থীদের বাংলাদেশ গ্রহণ করবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম। একই সঙ্গে তিনি ভারত কর্তৃক রোহিঙ্গাদের অনুপ্রবেশের চেষ্টা (পুশ-ইন)কে ‘নিন্দনীয়’ হিসেবে অভিহিত করেছেন।
শনিবার (২৬ জুলাই) নারায়ণগঞ্জে র‍্যাব-১১ সদর দপ্তর ও নারায়ণগঞ্জ পুলিশ লাইন পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, "যদি কোনো বাংলাদেশি অবৈধভাবে ভারতে অবস্থান করে, সেক্ষেত্রে বৈধ প্রক্রিয়ার মাধ্যমে তাকে দেশে ফেরত আনা হবে। কিন্তু ভারতের মাটিতে অবস্থানরত রোহিঙ্গারা আমাদের নাগরিক নন—তাদের বাংলাদেশে ফিরিয়ে নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না।"
তিনি আরও বলেন, "ভারত যেভাবে সীমান্তে রোহিঙ্গাদের ঠেলে দিচ্ছে, তা এক ধরনের আন্তর্জাতিক শিষ্টাচার লঙ্ঘন। আমরা এই ধরনের আচরণের তীব্র প্রতিবাদ জানাই।"
‘জুলাই অভ্যুত্থান’ পরবর্তী সময়ের মামলা সম্পর্কে কথা বলতে গিয়ে জাহাঙ্গীর আলম জানান, এসব মামলায় উদ্দেশ্যমূলকভাবে বহু নিরপরাধ ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছে। এ কারণে তদন্তে সময় লাগছে। তবে তিনি আশ্বস্ত করেন, “কোনো নির্দোষ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন, সে বিষয়ে সরকার অত্যন্ত সতর্ক।”
তিনি আরও জানান, অভ্যুত্থান-পরবর্তী মামলাগুলোর সুষ্ঠু তদন্তের মাধ্যমে যথাযথ সময়েই অভিযোগপত্র দাখিল করা হবে।
আসন্ন নির্বাচন প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “সারাদেশে অবৈধ অস্ত্র উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। বিশেষ করে অভ্যুত্থানে লুট হওয়া অস্ত্র উদ্ধার এখন অগ্রাধিকার।”
এর আগে সকাল ১১টায় তিনি সিদ্ধিরগঞ্জে র‍্যাব-১১ সদর দপ্তর পরিদর্শন করে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। দুপুর ১২টা ৩০ মিনিটে নারায়ণগঞ্জ পুলিশ লাইন পরিদর্শনের সময় একটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন এবং পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন।

-পার্বত্য সময়