গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচি ঘিরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়িবহরে হামলা চালিয়েছে ছাত্রলীগের নিষিদ্ধ ঘোষিত নেতাকর্মীরা। বুধবার (১৭ জুলাই) সকালে সদর উপজেলার টেকেরহাট সড়কের কংশুর এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গোপালগঞ্জ সদর উপজেলার ইউএনও এম রকিবুল হাসান বলেন, “সকাল ১১টার দিকে স্থানীয়রা ওই এলাকায় ব্যারিকেড দিয়ে সড়ক অবরোধ করে। আমি ঘটনাস্থলে পৌঁছালে আমার গাড়িতে অতর্কিত হামলা চালানো হয়। এতে চালক মইন গুরুতর আহত হয়েছেন।”
ইউএনও আরও জানান, জাতীয় নাগরিক পার্টির ঘোষিত ‘জুলাই পদযাত্রা’র অংশ হিসেবে এদিন গোপালগঞ্জ শহরের পৌর পার্ক এলাকায় পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তিনি অভিযোগ করেন, “এই কর্মসূচি বানচালের উদ্দেশ্যে ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রথমে পুলিশের গাড়িতে হামলা চালায়, পরে আমার গাড়িবহরেও হামলা ও ভাঙচুর চালায়।”
এর আগে সকালে সদর উপজেলায় পুলিশের একটি গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

-পার্বত্য সময়