ভারতের রাজধানী দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। শনিবার (২০ ডিসেম্বর) রাতে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন ভবনের মূল ফটকে এ ঘটনা ঘটে।
দিল্লিতে বাংলাদেশের প্রেস মিনিস্টার মো. ফয়সাল মাহমুদ বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার রাত সাড়ে ৮টা থেকে পৌনে ৯টার মধ্যে তিনটি গাড়িতে করে কয়েকজন ব্যক্তি বাংলাদেশ ভবনের সামনে এসে দাঁড়ায়। তারা কিছুক্ষণ গেটের সামনে উচ্চস্বরে চিৎকার করে এবং বাংলা ও হিন্দি ভাষায় মিশ্রিত বক্তব্য দেয়।
তিনি বলেন, ওই ব্যক্তিরা ‘হিন্দুদের নিরাপত্তা দিতে হবে’ এবং ‘হাইকমিশনারকে ধরো’- এ ধরনের স্লোগান ও বক্তব্য দেয়। পরে তারা মূল ফটকের সামনে আরও কিছুক্ষণ অবস্থান করে চিৎকার চালিয়ে সেখান থেকে চলে যায়।
হাইকমিশনারকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল কি না- এমন প্রশ্নের জবাবে প্রেস মিনিস্টার জানান, চিৎকারের ভাষা ছিল আক্রমণাত্মক। তিনি বলেন, ‘হিন্দুদের কিছু হলে আমরা সবাইকে মেরে ফেলব’- এ ধরনের কথাবার্তা শোনা গেছে। তবে তারা কোনো শারীরিক হামলা বা ভাঙচুর করেনি।
ঘটনার পরপরই হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ বাংলাদেশ হাইকমিশনের ডিফেন্স উইংয়ের সঙ্গে জরুরি বৈঠক করেন। ডিফেন্স উইংয়ের পক্ষ থেকে জানানো হয়, ওই ব্যক্তিরা শুধু চিৎকার করে চলে গেছে এবং কোনো অতিরিক্ত নিরাপত্তা হুমকি সৃষ্টি হয়নি।
ঘটনাটি ঘিরে বাংলাদেশ হাইকমিশনে নিরাপত্তা পরিস্থিতি সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে।


