ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেছেন, বাংলাদেশ ও ভারত একে অপরের সহযোগিতা ছাড়া চলতে পারবে না। তিনি আশা প্রকাশ করেছেন যে, দুই দেশের মধ্যে স্থগিত থাকা দ্বিপক্ষীয় প্রকল্পগুলো শিগগিরই পুনরায় শুরু হবে। 
শনিবার আগরতলায় এক সংবাদ সম্মেলনে মুখ্যমন্ত্রী বলেন, "আমরা ইতোমধ্যে বিশেষ অর্থনৈতিক অঞ্চল গঠন করেছি এবং মৈত্রী সেতু নির্মাণ সম্পন্ন হয়েছে। আগরতলা ও বাংলাদেশের আখাউড়ার মধ্যে রেল যোগাযোগও স্থাপিত হয়েছে। সবকিছু প্রস্তুত। বাংলাদেশে সাম্প্রতিক সময়ে কিছু সমস্যা হয়েছে...তবে আমি নিশ্চিত, এটি (আন্তর্জাতিক রেল সংযোগ) ভবিষ্যতে শুরু হবে। পরিস্থিতি স্বাভাবিক হবে। কারণ বাংলাদেশও ভারতের সহায়তা ছাড়া চলতে পারে না।" 
এর আগে, গত বছরের ডিসেম্বর মাসে মুখ্যমন্ত্রী মানিক সাহা জানিয়েছিলেন, ত্রিপুরার সঙ্গে বাংলাদেশের সংযোগ স্থাপনকারী বেশ কিছু প্রকল্প চলমান অস্থিরতার কারণে বিলম্বিত হয়েছে। ফেনী নদীর ওপর নির্মিত মৈত্রী সেতু সম্পূর্ণ প্রস্তুত থাকার পরও ব্যবহার করা সম্ভব হয়নি বলেও তিনি উল্লেখ করেন। এই সেতুটি ২০২১ সালে উদ্বোধন করা হয়। 
দ্বিপক্ষীয় পণ্য পরিবহনের জন্য ফেনী সেতু, সাবরুম ইন্টিগ্রেটেড (একীভূত) চেকপোস্ট এবং সিপাহিজলা জেলায় আন্তর্জাতিক অভ্যন্তরীণ জলপথ পরিবহনসহ বেশ কয়েকটি প্রকল্প—যেগুলো আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে বা প্রায় সম্পন্নের পর্যায়ে রয়েছে, সেগুলো গত বছর আগস্টে বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে স্থবির হয়ে আছে। 
মুখ্যমন্ত্রী মানিক সাহা আরও বলেন, "আমরা ইতোমধ্যে বিশেষ অর্থনৈতিক জোন তৈরি করেছি, মৈত্রী সেতু নির্মিত হয়েছে এবং আখাউড়া থেকে আগরতলা রেল যোগাযোগ চালু রয়েছে।" তিনি আরও জানান, এই রেল যোগাযোগ খুব শিগগিরই চালু হবে।

-পার্বত্য সময়