বঙ্গোপসাগরে শুরু হয়েছে বাংলাদেশ ও ভারতীয় নৌবাহিনীর যৌথ টহল ‘করপ্যাট’ ও দ্বিপাক্ষিক মহড়া ‘বঙ্গোসাগর’। সোমবার (১০ মার্চ) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
আইএসপিআর জানায়, বঙ্গোপসাগরে উভয় দেশের নির্ধারিত সমুদ্রসীমায় ষষ্ঠবারের মতো ‘করপ্যাট’ এবং চতুর্থবারের মতো ‘বঙ্গোসাগর’ মহড়া অনুষ্ঠিত হচ্ছে। কমান্ডার ফ্লোটিলা ওয়েস্টের তত্ত্বাবধানে এই মহড়া ১০ মার্চ শুরু হয়ে ১২ মার্চ পর্যন্ত চলবে।
যৌথ এ টহল ও মহড়ায় অংশ নিয়েছে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ বানৌজা আবু উবাইদাহ ও একটি মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফ্ট। অন্যদিকে ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ আইএনএস রানভীর ও একটি হেলিকপ্টার এ টহল ও মহড়ায় অংশ নিচ্ছে।
মহড়ার উদ্দেশ্য ও গুরুত্ব
২০১৮ সাল থেকে নিয়মিত এই যৌথ টহল পরিচালিত হয়ে আসছে। দুই দেশের সমুদ্র নিরাপত্তা জোরদার করতে এই মহড়ার মূল লক্ষ্য— অবৈধ মৎস্য আহরণ প্রতিরোধ, চোরাচালান ও মানবপাচার রোধ, জলদস্যুতা ও মাদক পাচার প্রতিরোধ, সমুদ্র নিরাপত্তা ঝুঁকি মোকাবিলা এবং সমুদ্র অর্থনীতির উন্নয়ন।
সংশ্লিষ্টরা মনে করছেন, এ মহড়ার মাধ্যমে বাংলাদেশ ও ভারতীয় নৌবাহিনীর সমন্বয় আরও দৃঢ় হবে, যা সমুদ্রপথে অপরাধ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে। একইসঙ্গে আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত ও সমুদ্র অর্থনীতিকে আরও গতিশীল করতেও গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা করা হচ্ছে।

-পার্বত্য সময়