বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনের জন্য একটি রোডম্যাপ তৈরির ক্ষেত্রে জাপানের সমর্থন চেয়েছে অন্তর্বর্তী সরকার। রোববার (২ ফেব্রুয়ারি) ঢাকায় সফররত জাপানের সংসদবিষয়ক উপমন্ত্রী ইকুইনা আকিকোর সঙ্গে বৈঠকে এ বিষয়ে আলোচনা করেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা রোহিঙ্গা সংকট সমাধানে জাপানের অব্যাহত ভূমিকার প্রশংসা করেন এবং জাতিসংঘের সহযোগিতায় দোহায় রোহিঙ্গা ইস্যুতে একটি উচ্চপর্যায়ের সম্মেলন আয়োজনের জন্য জাপানের সমর্থন চান।
বৈঠকে জাপানের উপমন্ত্রী বাংলাদেশে চলমান রাজনৈতিক পরিস্থিতি সত্ত্বেও দেশটির বিনিয়োগকারীরা ব্যবসা অব্যাহত রেখেছেন বলে জানান। বর্তমানে বাংলাদেশে ৩১০টিরও বেশি জাপানি প্রতিষ্ঠান কার্যক্রম চালাচ্ছে এবং ভবিষ্যতে এই সংখ্যা আরও বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।
বাংলাদেশের বিনিয়োগ পরিবেশের উন্নয়নের বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা উল্লেখ করেন যে, বিদেশি বিনিয়োগকারীদের সুবিধার্থে ওয়ান-স্টপ সার্ভিস (ওএসএস) কার্যকর করতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) সক্রিয়ভাবে কাজ করছে।
দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে একটি অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (ইপিএ) দ্রুত চূড়ান্ত করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন জাপানের উপমন্ত্রী।
এছাড়া, তিনি ইন্দো-প্যাসিফিক অঞ্চলে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার গুরুত্ব তুলে ধরেন। জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশ সরকারের অবস্থান পুনর্ব্যক্ত করে বলেন, বাংলাদেশ মুক্ত ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক নীতির প্রতি অঙ্গীকারবদ্ধ।
বৈঠকে উভয়পক্ষ আন্তর্জাতিক ফোরামে পারস্পরিক সহযোগিতা ও সমর্থন অব্যাহত রাখার বিষয়ে ঐকমত্য প্রকাশ করেন। জাপান, বাংলাদেশ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে রোহিঙ্গা সংকটের একটি টেকসই সমাধান সম্ভব বলে মত দেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা।

-পার্বত্য সময়