জাতিসংঘের আদিবাসী বিষয়ক স্থায়ী ফোরামের চলমান অধিবেশনে বাংলাদেশ সরকার পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি সম্পূর্ণরূপে বাস্তবায়নে নিজেদের অটল প্রতিশ্রুতি পুনরায় প্রকাশ করেছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুল খালেক ওই ফোরামে অংশ নিয়ে বলেন, বাংলাদেশের সংবিধান সব নাগরিকের সমান অধিকার নিশ্চিত করে এবং সরকার শান্তি চুক্তি বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে। তিনি চুক্তি বাস্তবায়নের বিভিন্ন অগ্রগতির বিষয় ফোরামের সামনে তুলে ধরেন। বিশেষ করে পার্বত্য অঞ্চলের প্রচলিত ভূমি ব্যবস্থাপনা, যা ১৯০০ সালের পার্বত্য চট্টগ্রাম ম্যানুয়াল অনুযায়ী পরিচালিত হয়, সে বিষয়েও আলোকপাত করেন তিনি।
সচিব আরও জানান, পার্বত্য এলাকায় অবকাঠামো উন্নয়নের পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, জীবিকা ও খেলাধুলাসহ নানা সামাজিক খাতে সরকার ধারাবাহিকভাবে বাজেট বরাদ্দ দিয়ে যাচ্ছে। একইসঙ্গে ঐ অঞ্চলের জাতিগত সম্প্রদায়গুলোর সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় বাংলাদেশের সাংবিধানিক প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়েছে।
“বহুপাক্ষিক ও আঞ্চলিক ব্যবস্থায় আদিবাসী জনগোষ্ঠীর অংশগ্রহণ ও অর্থায়ন” বিষয়ক সংলাপে অংশ নিয়ে বাংলাদেশের প্রতিনিধিদল বলেন, এই অংশগ্রহণ অর্থবহ করতে হলে জাতিসংঘের বিদ্যমান অনুশীলন ও পদ্ধতিকে সম্মান জানানো জরুরি।
বাংলাদেশের প্রতিনিধি দলে পার্বত্য চট্টগ্রাম এবং সমতল ভূমির জাতিগত জনগোষ্ঠীর প্রতিনিধি ছাড়াও ভূমি, স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা অংশ নিয়েছেন।
উল্লেখ্য, ২১ এপ্রিল শুরু হওয়া এই বৈঠক চলবে আগামী ২ মে পর্যন্ত।

-পার্বত্য সময়