বাংলাদেশের বর্ডার গার্ড (বিজিবি) ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) মহাপরিচালক পর্যায়ের ৫৫তম সীমান্ত সম্মেলন সোমবার (১৭ ফেব্রুয়ারি) ভারতের নয়াদিল্লীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
রোববার (১৬ ফেব্রুয়ারি) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, সম্মেলনে বিজিবি মহাপরিচালকের নেতৃত্বে ১৪ সদস্যের বাংলাদেশি প্রতিনিধিদল অংশগ্রহণ করবে। এই প্রতিনিধিদলে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তার পাশাপাশি প্রধান উপদেষ্টা কার্যালয়, স্বরাষ্ট্র, পররাষ্ট্র, নৌ পরিবহন মন্ত্রণালয়, ভূমি জরিপ অধিদপ্তর ও যৌথ নদী কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তা থাকবেন।
অপরদিকে, বিএসএফ মহাপরিচালকের নেতৃত্বে ১৩ সদস্যের ভারতীয় প্রতিনিধিদল সম্মেলনে উপস্থিত থাকবে। এতে বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা ও প্রতিনিধিরাও অংশ নেবেন।
এ বছরের সম্মেলনের আলোচনার প্রধান বিষয় হবে—সীমান্তে নিরস্ত্র বাংলাদেশি নাগরিকদের ওপর গুলি চালানো, সীমান্ত হত্যা, আঘাত, আটক বা অপহরণের ঘটনাগুলি রোধ করা; ভারতের থেকে বাংলাদেশে বিভিন্ন প্রকার মাদকদ্রব্য, অস্ত্র ও গোলাবারুদ পাচার প্রতিরোধ; নিষিদ্ধ দ্রব্যের চোরাচালান বন্ধ করা; এবং ভারতের সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ করে বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের প্রবেশ নিয়ন্ত্রণ করা।
আলোচ্য অন্যান্য বিষয়গুলোর মধ্যে রয়েছে, সীমান্তের ১৫০ গজে কাঁটাতারের বেড়া ও অননুমোদিত অবকাঠামো নির্মাণ বন্ধ করা, আগরতলা থেকে আখাউড়ার দিকে প্রবাহিত সীমান্তবর্তী ৪টি খালের বর্জ্য পানি অপসারণে উপযুক্ত পানি শোধনাগার স্থাপনের ব্যবস্থা গ্রহণ, দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন ও পারস্পরিক আস্থা ও সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যে নানা উদ্যোগ গ্রহণ।
৩ দিনব্যাপী আলোচনা শেষে সম্মেলনের আনুষ্ঠানিক সমাপ্তি আগামী ২০ ফেব্রুয়ারিতে করা হবে এবং সেই দিন বাংলাদেশি প্রতিনিধিদল দেশে ফিরবে।
-পার্বত্য সময়


