বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু সীমান্তে মাইন বিস্ফোরণে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্য গুরুতর আহত হয়েছেন।

রোববার (১২ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে তুমব্রু সীমান্তের ৪১ নম্বর পিলারের কাছাকাছি এ বিস্ফোরণের ঘটনা ঘটে। আহত বিজিবি সদস্য হলেন রেজু আমতলী বিওপি’র নায়েক আকতার হোসেন, তিনি কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর সদস্য। 

সীমান্ত এলাকার স্থানীয় সূত্র ও বিজিবি সূত্রে জানা গেছে, দুপুরে রেজু আমতলী বিওপি’র আওতাধীন বাংলাদেশের অভ্যন্তরে প্রস্তাবিত একটি অস্থায়ী চৌকিতে টহলরত অবস্থায় হঠাৎ মাইন বিস্ফোরণ ঘটে। এতে নায়েক আকতার হোসেনের ডান পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে যায় এবং বাম পা গুরুতরভাবে জখম হয়।

সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে রামু সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন বলে জানা গেছে।

ঘটনার বিষয়ে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বলেন, “প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিস্তারিত জানানো হবে।”

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে মিয়ানমার সীমান্তবর্তী তুমব্রু ও ঘুমধুম এলাকায় একাধিকবার গুলিবিনিময় ও মাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় সীমান্ত এলাকার স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।