আগস্ট মাসে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করার সময় ৫৪৬ জন মিয়ানমারের নাগরিককে, যাদের অধিকাংশই রোহিঙ্গা, আটক করে নিজ দেশে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবির মাসিক প্রতিবেদনে জানানো হয়, একই সময়ে সীমান্ত এলাকায় পরিচালিত অভিযানে প্রায় ১৭৭ কোটি ২১ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ করা হয়েছে। এসবের মধ্যে রয়েছে সোনা, রুপা, তৈরি পোশাক, থান কাপড়, কসমেটিকস, ইমিটেশন গয়না, আতশবাজি, কাঠ, চা-পাতা, সুপারি, সার, কয়লা, সুতা, যানবাহনের যন্ত্রাংশ, পেঁয়াজ, রসুন, চিনি, চকলেটসহ নানা ধরনের ভোগ্যপণ্য।
অভিযানে উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে তিনটি পিস্তল, একটি রিভলবার, একটি সাবমেশিনগান (এসএমজি), তিনটি রাইফেল, ১৬টি ম্যাগাজিন এবং ৮১৫ রাউন্ড গুলি।
এ ছাড়া মাদকদ্রব্যের মধ্যে পাওয়া গেছে ১২ লাখ ৩৭ হাজার ইয়াবা, সাড়ে ৪ কেজি হেরোইন, ৭ হাজার ৮৮৮ বোতল ফেনসিডিল, ৯ হাজার ৫২৫ বোতল বিদেশি মদ, ১৬৭ লিটার বাংলা মদ, ৫৭৭ ক্যান বিয়ার, ১ হাজার ৫৪৮ কেজি গাঁজা, ২ লাখ ৫৫ হাজার ৬৯৮ প্যাকেট বিড়ি-সিগারেট, ২০২ কেজি তামাকপাতা, ২০ বোতল এলএসডি, প্রায় ১ লাখ ৭৫ হাজার নেশাজাতীয় ট্যাবলেট ও ইনজেকশন, ৪ হাজার ১৪৫ বোতল ইস্কাফ সিরাপ, ২০ হাজার ৭২০টি অ্যানেগ্রা/সেনেগ্রা ট্যাবলেট এবং ১৮ লাখের বেশি অন্যান্য ট্যাবলেট ও ওষুধ।
অভিযান চলাকালে ২০৯ জন চোরাচালানকারীকে আটক করা হয়। এ ছাড়া অবৈধভাবে সীমান্ত অতিক্রম করায় ১৬০ জন বাংলাদেশি ও ১১ জন ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে বিজিবি।
-পার্বত্য সময়


