দুর্গম পাহাড়, বন আর অরক্ষিত সীমান্ত অঞ্চল—সব মিলিয়ে পার্বত্য চট্টগ্রামের নিরাপত্তা জোরদারে নতুন পদক্ষেপ নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্ত সুরক্ষা আরও শক্তিশালী করতে সংস্থাটি নতুন করে দুইটি ব্যাটালিয়ন গঠনের পাশাপাশি ৩০টি নতুন বর্ডার পোস্ট (বিওপি) স্থাপনের পরিকল্পনা নিয়েছে। বর্তমানে প্রস্তাবটি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

রোববার (৫ অক্টোবর) সকালে খাগড়াছড়ির রামগড় উপজেলার ৪৩ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন চট্টগ্রামের মীরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের ছোট ফরিংগা এলাকায় নবনির্মিত বিওপি উদ্বোধন করেন বিজিবি চট্টগ্রাম দক্ষিণ-পূর্ব রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সোহেল আহমেদ। অনুষ্ঠানে তিনি বলেন, “পার্বত্য চট্টগ্রামের সীমান্তভূমি সমতলের মতো নয়; এখানে পাহাড়ি দুর্গমতা সীমান্তরক্ষাকে অত্যন্ত কঠিন করে তুলেছে। এমন অনেক বিওপি আছে, যেখানে পৌঁছাতে সৈন্যদের চার দিন পর্যন্ত পায়ে হেঁটে যেতে হয়। এই বাস্তবতায় নতুন ব্যাটালিয়ন গঠন সীমান্ত সুরক্ষায় যুগান্তকারী ভূমিকা রাখবে।”

তিনি জানান, সরকারের অনুমোদনপ্রাপ্ত ৭৩টি নতুন বিওপি স্থাপনের মধ্যে ইতোমধ্যে ৬৯টির নির্মাণকাজ সম্পন্ন হয়েছে, বাকি চারটির কাজও দ্রুত শেষ করা হবে। এর মধ্যে গত এক বছরে দক্ষিণ-পূর্ব রিজিয়নের অধীনে নতুন পাঁচটি বিওপি চালু করা হয়েছে।

ব্রিগেডিয়ার জেনারেল সোহেল আহমেদ বলেন, “নতুন বিওপি স্থাপনের ফলে সীমান্তে চোরাচালান, অস্ত্র ও মাদক প্রবাহ নিয়ন্ত্রণে বিজিবির সক্ষমতা বেড়েছে। পাশাপাশি স্থানীয় জনগণের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রেও আমরা এখন অনেক বেশি কার্যকরভাবে কাজ করছি। পাহাড়ি অঞ্চলে সীমান্তরক্ষার পাশাপাশি শান্তি-শৃঙ্খলা বজায় রাখার দায়িত্বও বিজিবি সমানভাবে পালন করছে।”

রামগড়ের ৪৩ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন ফটিকছড়ির দাঁতমারা ইউনিয়ন ও মীরসরাইয়ের করেরহাট ইউনিয়নের মধ্যবর্তী পাঁচ কিলোমিটার সীমান্ত এলাকা দীর্ঘদিন ধরে পাহাড় ও ঘন বনভূমির কারণে কার্যত অরক্ষিত ছিল। ছোট ফরিংগা বিওপি স্থাপনের ফলে এখন ওই অঞ্চলটি স্থায়ী নজরদারির আওতায় এসেছে। এতে সীমান্তবাসীর নিরাপত্তা যেমন বেড়েছে, তেমনি বিজিবির অভিযানে গতি এসেছে।

রিজিয়ন কমান্ডার আরও বলেন, “বিজিবি শুধু সীমান্তরক্ষাই নয়, স্থানীয় জনগণের আস্থা অর্জনেও কাজ করছে। সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন ও সামাজিক স্থিতিশীলতা রক্ষায় বিজিবি এখন আস্থার প্রতীক হয়ে উঠেছে।”

রামগড়ের ছোট ফরিংগা বিওপি ৪৩ বিজিবি ব্যাটালিয়নের ১২তম বর্ডার পোস্ট হিসেবে উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে গুইমারা সেক্টর কমান্ডার কর্নেল মো. মিজানুর রহমান, ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আহসান উল ইসলামসহ বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।