কক্সবাজারের টেকনাফের নাফ নদী থেকে পাঁচজন বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির (এএ) সদস্যরা। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মঙ্গলবার জানিয়েছে, সোমবার বিকেলে উপজেলার নয়াপাড়া এলাকায় শাহপরীর দ্বীপের কাছে নাফ নদী থেকে পাঁচজনকে ধরে নিয়ে যায়।
অপহৃত জেলেরা হলেন টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের জালিয়াপাড়া গ্রামের বাসিন্দা মো. আলম (২২), বোরহান উদ্দিন (১৯), রাসেল মিয়া (২৩) ও তার ভাই সাইফুল ইসলাম (১৭) এবং চকরিয়া উপজেলার বাসিন্দা মো. রাশেদ (২৪)।
মঙ্গলবার (৮ অক্টোবর)  সন্ধ্যায় টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দীন আহমেদ এ তথ্য নিশ্চিত করে জানান, জেলেদের ফেরত নিয়ে আসতে বিজিবির পক্ষ থেকে মিয়ানমারের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। 
তিনি বলেন, আমরা তাদের ফিরিয়ে আনার চেষ্টা করছি।
স্থানীয় জেলেরা জানান, প্রতিদিনের মতো সোমবার সকালে শাহপরীর দ্বীপের বাসিন্দা আব্দুল মজিদের নৌকা এবং আরও দুটি নৌকায় জেলেরা নাফ নদীতে মাছ ধরতে গিয়েছিলেন। সে সময় আরকান আর্মির সদস্যরা অস্ত্র নিয়ে তাদের ধাওয়া করে। দুটি নৌকার জেলেরা পালিয়ে আসতে সক্ষম হলেও আর্মির সদস্যরা মজিদের নৌকা ও পাঁচ জেলেকে মিয়ানমারের দিকে নিয়ে যায়।

-পার্বত্য সময়