মিয়ানমারের আকিয়াব থেকে কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে আসার পথে একটি কাঠের বোট আটক করেছে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি।
বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেল পর্যন্ত বোটটি রাখাইনের মংডুর খারাংখালী খালে আরাকান আর্মির জিম্মায় ছিল। গত ১০ ফেব্রুয়ারি, সোমবার টেকনাফ শাহপরীর দ্বীপের গোলারচর এলাকা থেকে তল্লাশির কথা বলে একটি স্পিডবোটে ধাওয়া করে বোটটি আটক করে তারা। তবে তিন দিন পার হলেও এখনো সেটি ছেড়ে দেওয়া হয়নি।
টেকনাফ স্থলবন্দর ইউনাইটেড ল্যান্ড পোর্টের ম্যানেজার সৈয়দ মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, কাঠের বোটটি এখনো বন্দরে পৌঁছায়নি। এতে ৩৫ টন কাঠ ছিল, যা ব্যবসায়ী আবদুল কাদেরের কাছে আসার কথা ছিল।
ব্যবসায়ী আবদুল কাদের বলেন, "মিয়ানমার থেকে ৩৫ টন কাঠ নিয়ে আসার পথে আরাকান আর্মি আমার বোটটি স্পিডবোটে ধাওয়া করে আটক করেছে। শুনেছি, তারা তল্লাশি চালাচ্ছে। হয়তো ভুল তথ্যের ভিত্তিতে এমনটা হয়েছে। তবে মিয়ানমারের ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ চলছে, আশা করছি তল্লাশি শেষে বোটটি ছেড়ে দেওয়া হবে।"
এর আগেও মিয়ানমারের জলসীমায় বাংলাদেশি পণ্যবাহী বোট আটকের ঘটনা ঘটেছে। গত ১৬ জানুয়ারি ইয়াঙ্গুন থেকে টেকনাফ স্থলবন্দরে আসার পথে নাফ নদীর মোহনায় চারটি কার্গো জাহাজ আটক করেছিল মিয়ানমার কর্তৃপক্ষ, যা পরে ছেড়ে দেওয়া হয়।
এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, "টেকনাফ স্থলবন্দরে আসার পথে কাঠবাহী একটি বোট আটকের খবর পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।"
-পার্বত্য সময়


