নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রতীক ‘নৌকা’ নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলা হয়েছে। বুধবার (১৬ জুলাই) সকাল থেকে ইসির ওয়েবসাইটে দেখা যাচ্ছে—‘আওয়ামী লীগ (নিবন্ধন স্থগিত)’ নামের পাশে আর নেই প্রতীক হিসেবে নৌকা চিহ্নটি।
ইসি সচিবালয়ের সিস্টেম ম্যানেজার মো. রফিকুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, “ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ওয়েবসাইট থেকে প্রতীকটি সরিয়ে নেওয়া হয়েছে।”


এর আগে মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার ফেসবুকের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে প্রশ্ন তোলেন—“অভিশপ্ত ‘নৌকা’ মার্কাটাকে আপনারা কোন বিবেচনায় আবার শিডিউলভুক্ত করতে আইন মন্ত্রণালয়ে পাঠালেন?” 
তিনি আরও লেখেন, “সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে এই গণ–অভ্যুত্থানকে আপনারা জাস্ট বৃদ্ধাঙ্গুলি দেখালেন। কাদের এজেন্ডা বাস্তবায়ন করতে চাইছেন আপনারা?”
নির্বাচন কমিশন বিষয়ক ওই পোস্টে তীব্র সমালোচনার পরিপ্রেক্ষিতেই ওয়েবসাইট থেকে নৌকা প্রতীক সরানোর সিদ্ধান্ত এসেছে বলে অনেকে মনে করছেন।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ–অভ্যুত্থানে দীর্ঘদিন ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকার পতনের মুখে পড়ে। এরপর ২০২৫ সালের ১২ মে অন্তর্বর্তীকালীন সরকার এক আদেশে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনসমূহের সকল রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে। একই প্রজ্ঞাপনে দলটির নির্বাচন কমিশনে নিবন্ধন স্থগিত করা হয়।
এমন প্রেক্ষাপটে ওয়েবসাইটে দলটির নামের পাশে নৌকা প্রতীকের উপস্থিতি প্রশ্নবিদ্ধ হয়ে ওঠে। সমালোচনার মুখে অবশেষে প্রতীকটি সরিয়ে নেওয়ার মধ্য দিয়ে নির্বাচন কমিশন তার অবস্থান স্পষ্ট করল।

-পার্বত্য সময়