রাজধানীর মিরপুরে একটি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৬ জন শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যা পর্যন্ত ফায়ার সার্ভিসের কর্মীরা ধ্বংসস্তূপ থেকে মরদেহগুলো উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠান।
ফায়ার সার্ভিস ও পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন, নিহতদের অনেকেরই পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি, কারণ মরদেহগুলো এমনভাবে পুড়ে গেছে যে শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে।
কারখানার সামনে স্বজন হারানো পরিবারের সদস্যরা ভিড় করেছেন। কেউ স্বজনের ছবি হাতে আহাজারি করছেন, কেউ আবার নিঃশব্দে অপেক্ষা করছেন কোনো খোঁজ পাওয়ার আশায়।
ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানান, দ্বিতীয় ও তৃতীয় তলা থেকে সবচেয়ে বেশি মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কারখানার পাশের রাসায়নিক গুদামে বিস্ফোরণ ঘটার পর আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এতে বিষাক্ত ধোঁয়ায় অনেক শ্রমিক অজ্ঞান হয়ে পড়েন, ফলে হতাহতের সংখ্যা বাড়ে।
তিনি আরও জানান, ভবনের ছাদের দরজা তালাবদ্ধ ছিল, ফলে অনেক শ্রমিক ছাদে উঠতে পারেননি। এতে প্রাণহানি আরও বেড়েছে।
পাশের রাসায়নিক গুদামেও আগুন ছড়িয়ে পড়ে, যা নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের অন্তত ১২টি ইউনিট কাজ করে। আগুন নিয়ন্ত্রণে থাকলেও আরও পুরোপুরো নিভতে আরও সময় লাগবে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে।
দমকল বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত শুরু হয়েছে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট অথবা রাসায়নিক বিস্ফোরণকে কারণ হিসেবে সন্দেহ করা হচ্ছে।


