ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ফের রোহিঙ্গা নাগরিকদের বাংলাদেশে পুশইন করেছে। শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও সীমান্ত দিয়ে বৃহস্পতিবার গভীর রাতে ১১ শিশুসহ ২১ জন রোহিঙ্গাকে বাংলাদেশে প্রবেশ করানো হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ ব্যাটালিয়নের ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদি হাসান। তিনি জানান, মধ্যরাত ১টার দিকে কিলাপাড়া বিএসএফ ক্যাম্পের সদস্যরা নাকুগাঁও সীমান্তের ১১১৬ নম্বর মেইন পিলারের পাশ দিয়ে এই পুশইন কার্যক্রম চালায়।
পরে বিজিবির টহল দল পুশইন হওয়া ব্যক্তিদের আটক করে স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয়ের ব্যবস্থা করে।
বিজিবি সূত্রে জানা গেছে, আটককৃত ২১ জন ছয়টি পরিবারের সদস্য। তারা মূলত ২০১৭ সালে মিয়ানমার থেকে পালিয়ে কক্সবাজারের উখিয়া বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে আশ্রয় নিয়েছিল। সেখান থেকে পালিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে এবং জম্মু-কাশ্মীর এলাকায় হোটেল ও বাসাবাড়িতে শ্রমিক হিসেবে কাজ করছিল।
প্রায় এক মাস আগে, ভারতের পুলিশের এক অভিযানে তাদের আটক করা হয় অবৈধ অভিবাসী হিসেবে। পরে তারা রোহিঙ্গা নাগরিক এবং উখিয়া ক্যাম্পের বাসিন্দা বলে দাবি করলে ভারতীয় পুলিশ তাদের বিএসএফের কাছে হস্তান্তর করে।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, আটককৃতদের বিষয়ে যাচাই-বাছাই চলছে। যাচাই শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
-পার্বত্য সময়


