ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) মৌলভীবাজারের বড়লেখা উপজেলার করমপুর সীমান্ত দিয়ে ১০ রোহিঙ্গা নাগরিককে বাংলাদেশে পুশ ইন করেছে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (২৮ জুলাই) সকাল ৮টার দিকে তাদের আটক করা হয়।
আটকদের মধ্যে একজন পুরুষ, তিনজন নারী এবং ছয়জন শিশু রয়েছে। বিজিবির দাবি, এরা সবাই অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করে। বড়লেখার লাতু বিওপি অধীনস্থ করমপুর সীমান্ত দিয়ে তারা রাতের আঁধারে দেশে ঢোকে এবং সকালে সীমান্তবর্তী পাহাড়ি এলাকায় ঘোরাফেরা করছিল। ওই সময় টহলরত বিজিবি সদস্যরা তাদের শনাক্ত করে আটক করে।
বিজিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক রোহিঙ্গারা জানায়, তারা প্রায় পাঁচ বছর আগে সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে কাজের সন্ধানে সেখানে গিয়েছিল। দীর্ঘদিন ভারতে অবস্থান করার পর সম্প্রতি বিএসএফের সহায়তায় তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়।
বিজিবি জানিয়েছে, আটক রোহিঙ্গাদের ব্যাপারে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে সমন্বয় করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
-পার্বত্য সময়


