জাতিকে সুষ্ঠু, সুন্দর ও বিশ্বাসযোগ্য একটি নির্বাচন উপহার দেওয়ার অঙ্গীকার করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, নির্বাচন কমিশন একা এ দায়িত্ব পালন করতে পারে না; দেশের সব পক্ষকে দায়িত্বশীল ভূমিকা নিয়ে এতে যুক্ত হতে হবে। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় নির্বাচন ভবনে স্থানীয় পর্যবেক্ষক সংস্থাগুলোর সঙ্গে পরিচিতিমূলক সভায় তিনি এ কথা জানান।

সভায় সিইসি পর্যবেক্ষকদের নির্বাচনের সহযোগী হিসেবে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, অতীতের ভুলভ্রান্তি নিয়ে বিতর্কে যেতে চান না তিনি; বরং সামনে এগিয়ে একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করাই এখন কমিশনের প্রধান লক্ষ্য। অতীতের যে সংকটগুলো নির্বাচন আয়োজনকে প্রশ্নবিদ্ধ করেছিল, সেগুলো ঠেকাতে এবার নিজস্ব সুপারভাইজারি কাঠামো এবং কার্যকর অফিসিয়াল মেকানিজম তৈরি করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

নির্বাচন পর্যবেক্ষণ প্রসঙ্গে সিইসি বলেন, পর্যবেক্ষকদের চোখ দিয়েই নির্বাচন কমিশন মাঠের পরিস্থিতি দেখবে। তারা যদি দায়িত্ব পালনে সতর্ক ও নিষ্ঠাবান না হন, তবে কমিশনের কাছে আসা তথ্যও হবে ভ্রান্ত। এ কারণে নতুন পর্যবেক্ষকদের যথাযথ ওরিয়েন্টেশন এবং প্রশিক্ষণের প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি। তার মতে, পর্যবেক্ষকেরা নির্বাচন কমিশনের গুরুত্বপূর্ণ ‘টুলস’, তাই তাদের সঠিকভাবে ব্যবহার নিশ্চিত করা জরুরি।

তিনি আরও জানান, এবার পর্যবেক্ষক হিসেবে কাজ করার সর্বনিম্ন বয়স ২১ বছর নির্ধারণ করা হয়েছে। ফলে অনেক নতুন মুখ প্রথমবার নির্বাচনী পর্যবেক্ষণে অংশ নিচ্ছেন। এ ক্ষেত্রে অভিজ্ঞ পর্যবেক্ষকদের দায়িত্ব হবে নতুনদের হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া এবং পুরো নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে পরিচিত করে তোলা। সিইসি বলেন, অভিজ্ঞতা ও সততার সমন্বয়েই একটি গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব, আর সেটিই নিশ্চিত করতে কমিশন সব প্রস্তুতি নিয়েছে।