রোহিঙ্গা প্রত্যাবাসন ও টেকসই সমাধানের পথ খুঁজতে কক্সবাজারে শুরু হয়েছে তিন দিনের আন্তর্জাতিক সম্মেলন। এতে অংশ নিতে সোমবার (২৫ আগস্ট) সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে কক্সবাজারে পৌঁছান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

রোহিঙ্গা সংকট নিয়ে আয়োজিত আন্তর্জাতিক সংলাপে যোগ দিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস সোমবার সকালে কক্সবাজার পৌঁছেছেন। ছবি: প্রধান উপদেষ্টার ফেসবুক


সম্মেলনে জাতিসংঘ, উন্নয়ন সহযোগী সংস্থা, বিভিন্ন দেশের প্রতিনিধি এবং সরকারের উচ্চপর্যায়ের নীতিনির্ধারকেরা অংশ নিচ্ছেন। মূল অধিবেশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন ড. ইউনূস। তিনি রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান জানাবেন।
রোহিঙ্গা ইস্যুবিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভের দফতর ও পররাষ্ট্র মন্ত্রণালয় যৌথভাবে এই সম্মেলনের আয়োজন করেছে। তিন দিনের এই আন্তর্জাতিক সংলাপ শুরু হয় ২৪ আগস্ট এবং শেষ হবে ২৬ আগস্ট।
প্রধান উপদেষ্টা আজ দুপুরে কক্সবাজার ত্যাগ করার কথা রয়েছে। তবে তার আগেই তিনি কয়েকটি গুরুত্বপূর্ণ সেশন ও সংলাপে অংশ নেবেন। অন্তর্বর্তী সরকার রোহিঙ্গা ইস্যুটিকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখছে। গেল রমজানে জাতিসংঘ মহাসচিবকে সঙ্গে নিয়ে রোহিঙ্গা ক্যাম্প সফর করেছিলেন ড. ইউনূস। তখন তিনি আশা প্রকাশ করেছিলেন যে আগামী ঈদে রোহিঙ্গারা যেন নিজ দেশে উৎসব উদযাপন করতে পারে।
এই লক্ষ্য সামনে রেখে বাংলাদেশ সরকার ইতোমধ্যে তিনটি আন্তর্জাতিক সম্মেলনের পরিকল্পনা নিয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় সম্মেলনটি আগামী ৩০ সেপ্টেম্বর জাতিসংঘে অনুষ্ঠিত হবে, যেখানে ১৭০টি দেশ অংশ নেবে বলে আশা করা হচ্ছে। এরপর কাতারের দোহাতেও আরেকটি গুরুত্বপূর্ণ সম্মেলনের আয়োজন করা হবে।

-পার্বত্য সময়