যশোর শহরের শংকরপুর এলাকায় কুড়িয়ে পাওয়া বোমার বিস্ফোরণে এক শিশুর মৃত্যু হয়েছে। আহত হয়েছে তার ভাই। সোমবার সকালে এ ঘটনা ঘটে। নিহত শিশুটির নাম খাদিজাতুল কুবরা (৫), আহত ভাইয়ের নাম সজীব আহম্মেদ (৭)। তারা সম্পর্কে ভাই-বোন।
স্থানীয় সূত্র জানায়, সকালে নিজেদের বাড়ির পাশে খেলছিল সজীব। এ সময় সে একটি টেপমোড়ানো ধাতব কৌটা কুড়িয়ে পায়। পরে সেটি বাসায় নিয়ে বোন খাদিজার সঙ্গে বল হিসেবে খেলতে শুরু করে। কিছুক্ষণ পর সেটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে দুই ভাই-বোনই গুরুতর আহত হয়।
তাদের দ্রুত যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় খাদিজাকে ঢাকায় নেওয়ার পরামর্শ দেন চিকিৎসকেরা। কিন্তু পথেই, গোপালগঞ্জে পৌঁছানোর পর সে মারা যায়। তার ভাই সজীব এখন যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
যশোর জেনারেল হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসক ডা. শরিফুল ইসলাম জানান, খাদিজার পেটের ভেতরের অঙ্গপ্রত্যঙ্গ ছিন্নভিন্ন হয়ে গিয়েছিল। সজীবের ডান হাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় সেটি কেটে ফেলতে হয়েছে।
শিশুদের বাবা শাহাদাত হোসেন বলেন, “বাড়ির পাশে খেলার সময় ছেলেটা কুড়িয়ে পাওয়া কিছু নিয়ে খেলতে যায়। এখন মেয়েটা নেই, ছেলেটার হাত নাই। কী যে হয়ে গেল বুঝতে পারছি না।”
এদিকে বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ ও সেনাবাহিনী। ঘটনাস্থল ঘিরে রাখে তারা।
যশোর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন বলেন, “বোমার বিস্ফোরণে দুই শিশু আহত হয়েছিল। একজন মারা গেছে। বিস্ফোরক বস্তুটি কোথা থেকে এলো, তা তদন্ত করে দেখা হচ্ছে।”
এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা অবিলম্বে পুরো এলাকার নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

-পার্বত্য সময়