বাংলাদেশ সরকার চাইলে তিস্তা উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতা করতে প্রস্তুত চীন। চার বছর আগে বাংলাদেশ চীনের কাছে সহায়তা চেয়ে একটি প্রস্তাব পাঠালেও পরবর্তীতে আর কোনো প্রতিক্রিয়া জানায়নি।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ঢাকায় চীনা দূতাবাসে বাংলাদেশ-চীন সম্পর্ক নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, "বাংলাদেশ সরকার চাইলে তিস্তা নদীর পানি ব্যবস্থাপনা প্রকল্প বাস্তবায়নে চীন সাহায্য করতে প্রস্তুত। তিস্তার তীরে বসবাসকারী হাজারো মানুষের কল্যাণে প্রকল্পটি যত দ্রুত সম্ভব বাস্তবায়ন করা উচিত। তবে এটি বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব বাংলাদেশের, কারণ এটি একটি সার্বভৌম রাষ্ট্র।"
তিনি আরও জানান, ২০২১ সালে বাংলাদেশ সরকার তিস্তা প্রকল্পের জন্য চীনের সহায়তা চেয়ে একটি প্রস্তাব পাঠায়। এরপর ২০২৩ সালে চীন প্রকল্পটি মূল্যায়ন করে বাংলাদেশ সরকারকে জানায় যে, এতে কিছু অপ্রয়োজনীয় উপাদান রয়েছে এবং প্রকল্পটি সংশোধন করা উচিত। তবে সেই প্রতিবেদন পাঠানোর পর থেকে বাংলাদেশ সরকারের কাছ থেকে আর কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

-পার্বত্য সময়