বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের সহায়তায় ২৫ লাখ মার্কিন ডলার অনুদান দেবে চীন। এই অর্থ জাতিসংঘ শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের মাধ্যমে রোহিঙ্গাদের রান্নার জ্বালানির চাহিদা পূরণে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সরবরাহে ব্যয় করা হবে।
রোববার (১৪ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইউএনএইচসিআর এ তথ্য জানায়।
ইউএনএইচসিআর জানায়, চীনের এই অনুদান গ্লোবাল ডেভেলপমেন্ট অ্যান্ড সাউথ–সাউথ কো-অপারেশন তহবিলের আওতায় প্রদান করা হচ্ছে। এর মাধ্যমে ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে প্রায় ৪ লাখ ৫৮ হাজার রোহিঙ্গা অর্থাৎ প্রায় ৯৪ হাজার পরিবার- পরিচ্ছন্ন রান্নার জ্বালানি সুবিধা পাবে। বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ আশ্রয় শিবিরে এটি একটি গুরুত্বপূর্ণ সুরক্ষা ও মানবিক সহায়তা হিসেবে কাজ করবে।
চীনের এই অনুদানকে স্বাগত জানিয়ে বাংলাদেশে নিযুক্ত ইউএনএইচসিআরের প্রতিনিধি ইভো ফ্রেইসেন বলেন, “বিশ্বব্যাপী যখন মানবিক সহায়তার অর্থায়ন কমে যাচ্ছে এবং বহু জীবনরক্ষাকারী কর্মসূচি ঝুঁকির মুখে, ঠিক এমন একটি সংকটময় সময়ে চীনের এই উদার অনুদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
তিনি আরও বলেন, এই সহায়তা রোহিঙ্গা শরণার্থীদের দৈনন্দিন জীবনমান উন্নয়নের পাশাপাশি বনজ সম্পদের ওপর চাপ কমাতে সহায়ক হবে।
বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, বিশ্বজুড়ে মানবিক সহায়তার তহবিল হ্রাস পাচ্ছে এবং কিছু দেশ তাদের সহায়তার প্রতিশ্রুতি উল্লেখযোগ্যভাবে কমিয়ে দিয়েছে। এর ফলে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জীবন আরও কঠিন হয়ে উঠেছে।
তিনি বলেন, “বাংলাদেশের অবিচল উন্নয়ন সহযোগী ও অকৃত্রিম বন্ধু হিসেবে চীন রোহিঙ্গা শরণার্থীদের প্রতি তার চলমান সহায়তা আরও বিস্তৃত করছে।”
চীনের রাষ্ট্রদূত আরও জানান, এই প্রকল্পটি কার্যকরভাবে বাস্তবায়নের জন্য চীন ইউএনএইচসিআর এবং বাংলাদেশ সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে, যাতে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া মানুষগুলো দ্রুত এর সুফল পেতে পারে।


