বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনকে চীনের পক্ষ থেকে জানানো হয়েছে, ইয়ারলুং জাংবো বা বহ্মপুত্র নদীর ওপর নির্মিত জলবিদ্যুৎ প্রকল্প থেকে পানি প্রত্যাহার বা ব্যবহার করা হবে না।
সোমবার (২১ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ আশ্বাস দেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
বৈঠকে তারা দ্বিপাক্ষিক বাণিজ্য, অবকাঠামো, স্বাস্থ্য, কৃষি, সবুজ জ্বালানি, দুর্যোগ ব্যবস্থাপনা ও পর্যটনসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদারের বিষয়ে মতবিনিময় করেন।
চীনা রাষ্ট্রদূত জানান, উজানে চীনের জলবিদ্যুৎ প্রকল্প শুধুমাত্র বিদ্যুৎ উৎপাদনের উদ্দেশ্যে নির্মিত হচ্ছে। এতে ভাটির কোনো দেশ, বিশেষ করে বাংলাদেশ, ক্ষতিগ্রস্ত হবে না। তিনি স্পষ্ট করে বলেন, “চীন এই প্রকল্প থেকে কোনো পানি সরিয়ে নিচ্ছে না এবং ভবিষ্যতেও প্রত্যাহার করবে না।”
বৈঠকে চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মালয়েশিয়ায় অনুষ্ঠিত উপদেষ্টার আলোচনার বিষয়ও উঠে আসে।
উল্লেখ্য, ইয়ারলুং জাংবো নদী চীন থেকে ভারতের অরুণাচল ও আসাম হয়ে বাংলাদেশে প্রবেশ করে, যেখানে নদীটি বহ্মপুত্র নামে পরিচিত। এই নদীর পানিপ্রবাহ নিয়ে দীর্ঘদিন ধরেই সংশ্লিষ্ট দেশগুলোর মধ্যে উদ্বেগ বিরাজ করছিল।
চীন-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে দুই পক্ষই জনগণের মধ্যে বিনিময় ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে।
-পার্বত্য সময়


