কক্সবাজারে বিমান বাহিনীর ঘাঁটিতে হামলার ঘটনা ঘটেছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিমান বাহিনী ঘাঁটির সংলগ্ন সমিতি পাড়ায় উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্থানীয় প্রশাসন ও বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ (সোমবার) বেলা সাড়ে ১১টার দিকে দুর্বৃত্তদের হামলার পর সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এতে একজন নিহত হয়েছেন এবং আরও কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন গণমাধ্যমকে জানিয়েছেন, সংঘর্ষে একজন নিহত হয়েছেন এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে উভয়পক্ষের সঙ্গে আলোচনা করা হবে।
কক্সবাজার সদর হাসপাতালের পুলিশ ইনচার্জ সাইফুল ইসলাম জানান, নিহত ব্যক্তির নাম শিহাব। তিনি পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সমিতি পাড়ার বাসিন্দা নাছির উদ্দিনের ছেলে এবং পেশায় ব্যবসায়ী ছিলেন।
এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে কুতুবদিয়া পাড়ার বাসিন্দাদের উচ্ছেদের চেষ্টা করা হচ্ছিল। এ নিয়ে স্থানীয়রা একাধিকবার বিক্ষোভ ও মানববন্ধন করলেও সমস্যার সমাধান হয়নি। অবশেষে, আজকের উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে।
এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।