অধ্যাপক আলী রীয়াজকে প্রধান করে সংবিধান সংস্কার কমিশনের প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এছাড়া আরও ৮ জনকে এ কমিশনে সদস্য হিসেবে রাখা হয়েছে। তবে এ তালিকায় নাম নেই আলোচিত রাজাকার-পুত্র দেবাশীষ রায়ের।
রাষ্ট্রপতির আদেশক্রমে আজ সোমবার (৭ অক্টোবর) এই প্রজ্ঞাপন জারি করা হয়। এই কমিশন ৯০ দিনের মধ্যে প্রতিবেদন জমা দেবে।
আলী রীয়াজ ছাড়া কমিশনের অন্য সদস্যরা হলেন অধ্যাপক সুমাইয়া খায়ের, ইমরান সিদ্দিকী, অধ্যাপক মুহাম্মদ ইকরামুল হক, অ্যাডভোকেট ড. শরীফ ভূঁইয়া, এম মঈন আলম ফিরোজী, লেখক ফিরোজ আহমেদ, মানবাধিকারকর্মী মো. মুস্তাইন বিল্লাহ ও শিক্ষার্থী প্রতিনিধি মো. মাহফুজ আলম।
এর আগে খবর পাওয়া যায় আত্মস্বীকৃত রাজাকার-পুত্র দেবাশীষ রায়ের নাম অন্তর্ভুক্ত করে তালিকা চূড়ান্ত করা হয়েছে। এ নিয়ে সংবাদমাধ্যমে সমালোচনা করা হয়। শেষমেশ বাংলাদেশের ইতিহাসে নিন্দিত চাকমা সার্কেল চিফ ও মুক্তিযুদ্ধে বাংলাদেশের বিরোধিতাকারী ত্রিদেব রায়ের ছেলেকে বাদ দিয়েই প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জনপ্রতিনিধিত্বশীল ও কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠা ও জনগণের ক্ষমতায়নের উদ্দেশ্যে দেশের বিদ্যমান সংবিধান পর্যালোচনা ও মূল্যায়ন করিয়া সংবিধান সংস্কারের লক্ষ্যে প্রয়োজনীয় সুপারিশসহ প্রতিবেদন প্রস্তুত করতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার অনুমোদনক্রমে ‘সংবিধান সংস্কার কমিশন’ গঠন করা হলো।

-পার্বত্য সময়