পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, বাংলাদেশের সামগ্রিক উন্নয়নকে টেকসই করতে হলে পার্বত্য অঞ্চলের উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। পাহাড়ের প্রাকৃতিক সম্পদ, জীববৈচিত্র্য এবং সেখানকার মানুষের জীবনমান রক্ষা করা সরকারের প্রধান লক্ষ্য বলেও তিনি মন্তব্য করেন।
মঙ্গলবার রাজধানীর বেইলি রোডে পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্স অডিটোরিয়ামে আন্তর্জাতিক পর্বত দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
উপদেষ্টা বলেন, দেশের ৬১ জেলার মতো একই উন্নয়ন কাঠামো পাহাড়ি অঞ্চলে প্রয়োগ করা সম্ভব নয়। পাহাড়ের পরিবেশই এখানকার মানুষের জীবন–জীবিকার মূল ভিত্তি। জলবায়ু পরিবর্তনের সঙ্গে অভিযোজনের যে সহজাত সামর্থ্য পার্বত্যবাসীর রয়েছে, তা দীর্ঘদিন ধরে তাদের টিকিয়ে রেখেছে।
তিনি আরও বলেন, পর্বতের গায়ে গড়ে ওঠা ইকো–ট্যুরিজম নষ্ট করার অধিকার কারো নেই। কাপ্তাই লেকের সৌন্দর্য নষ্ট হওয়ার জন্য অসচেতনতা ও অনিয়ন্ত্রিত আচরণকে দায়ী করে তিনি সংশ্লিষ্ট সব পক্ষকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।
বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আন্তর্জাতিক পর্বত দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় নানা কর্মসূচি গ্রহণ করেছে।
২০০৩ সালে জাতিসংঘ ১১ ডিসেম্বরকে আন্তর্জাতিক পর্বত দিবস হিসেবে ঘোষণা করে। এরপর থেকে প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি পালন করা হচ্ছে।
অনুষ্ঠানে মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুল খালেকের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত সচিব ড. রাশিদা ফেরদৌস। প্যানেল আলোচনায় অংশ নেন অতিরিক্ত সচিব মো. মনিরুল ইসলাম।
অনলাইনের মাধ্যমে প্রবন্ধ উপস্থাপন করেন ইন্টারন্যাশনাল সেন্টার ফর ইন্টিগ্রেটেড মাউন্টেন ডেভেলপমেন্ট (আইসিমড)-এর সিনিয়র ইন্টারভেনশন ম্যানেজার ড. মোহাম্মদ ফারুক আজম, বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) সাসটেইনেবল ফিন্যান্স বিশেষজ্ঞ খোন্দকার মোরশেদ মিল্লাত এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. ফাহমিদা খানম।
মুক্ত আলোচনায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব প্রদীপ কুমার মহোত্তম, যুগ্মসচিব অতুল সরকার, কৃষি মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোস্তফা কামাল, পরিবেশ অধিদপ্তরের পরিচালক নাজমুল হুদা, খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য শহীদুল ইসলাম সুমনসহ উপস্থিত অংশগ্রহণকারীরা আন্তর্জাতিক পর্বত দিবসের তাৎপর্য ও পার্বত্য অঞ্চলের টেকসই উন্নয়ন বিষয়ে মতামত তুলে ধরেন।


