জাতিসংঘের নতুন সমীক্ষায় প্রথমবারের মতো ঢাকা উঠে এসেছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শহর হিসেবে। তিন কোটি ৬৬ লাখ জনসংখ্যার এই নগরী জায়গা করে নিয়েছে তালিকার শীর্ষে থাকা ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার ঠিক নিচে। ৪ কোটি ১৯ লাখ জনসংখ্যা নিয়ে জাকার্তা এখন বিশ্বের সবচেয়ে জনবহুল শহর।

এর মাধ্যমে টোকিওকে পেছনে ফেলেছে ঢাকা। এবার তালিকায় তৃতীয় স্থানে থাকা জাপানের রাজধানী টোকিওর জনসংখ্যা ৩ কোটি ৩৪ লাখ। ২০০০ সালে প্রকাশিত জাতিসংঘের আগের সমীক্ষায় টোকিও ছিল বিশ্বের সবচেয়ে বড় শহর।

নতুন তথ্য বলছে, কয়েক ধাপ লাফিয়ে উঠে এসেছে ঢাকা- যে শহর আগের তালিকায় ছিল নবম স্থানে। বর্তমান প্রবণতা অব্যাহত থাকলে ২০৫০ সালের মধ্যেই ঢাকা বিশ্বের বৃহত্তম শহরে পরিণত হতে পারে।

জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক বিষয়ক বিভাগের ওয়ার্ল্ড আরবানাইজেশন প্রসপেক্টস ২০২৫ প্রতিবেদনে আরও বলা হয়েছে বিশ্বে মেগাসিটির সংখ্যা এখন ৩৩টি, যেখানে জনসংখ্যা এক কোটি বা তার বেশি। ১৯৭৫ সালে মেগাসিটির সংখ্যা ছিল মাত্র ৮টি।

বিশ্বের ৩৩ মেগাসিটির মধ্যে ১৯টিই এশিয়ায়। শীর্ষ দশটির মধ্যে ৯টিই এই মহাদেশের। এশিয়ার আরও যেসব শহর শীর্ষ দশে আছে: নয়া দিল্লি (ভারত) - ৩ কোটি ২ লাখ, সাংহাই (চীন) - ২ কোটি ৯৬ লাখ, গুয়াংজু (চীন )-  ২ কোটি ৭৬ লাখ. ম্যানিলা (ফিলিপিন্স) - ২ কোটি ৪৭ লাখ, কলকাতা (ভারত) - ২ কোটি ২৫ লাখ, সিউল (দক্ষিণ কোরিয়া) - ২ কোটি ২৫ লাখ। এশিয়ার বাইরে শীর্ষ দশে রয়েছে একমাত্র শহর মিশরের রাজধানী কায়রো, যার জনসংখ্যা ৩ কোটি ২০ লাখ।

দুই আমেরিকা মহাদেশের মধ্যে সবচেয়ে বড় শহর ব্রাজিলের সাও পাওলো (১ কোটি ৮৯ লাখ) এবং আফ্রিকার সাহারা-উত্তর ছাড়া সবচেয়ে জনবহুল শহর নাইজেরিয়ার লাগোস।

নতুন এই তালিকা আবারও তুলে ধরেছে-বিশ্বের জনসংখ্যা ও নগরায়ণের কেন্দ্র এখন স্পষ্টভাবে এশিয়ায়, আর তারই কেন্দ্রে উঠে আসছে ঢাকা।