পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী এবং রাঙামাটির পাঁচবারের সংসদ সদস্য দীপংকর তালুকদারকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর সোবহানবাগ এলাকা থেকে তাকে আটক করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দীপংকর তালুকদারের বিরুদ্ধে পার্বত্য জেলায় বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে বিভিন্ন থানায় হত্যা ও অন্যান্য অভিযোগে একাধিক মামলা রয়েছে।
গত ৫ আগস্ট গণআন্দোলনের চাপে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগ করে ভারতে আশ্রয় নেন। এরপর অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর আওয়ামী লীগের মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং শীর্ষ নেতাদের গ্রেপ্তার শুরু হয়। সেই ধারাবাহিকতায় ছয় মাস পর এবার গ্রেপ্তার হলেন দীপংকর তালুকদার।
দীপংকর তালুকদার ১৯৯১ সালে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে রাঙামাটি আসন থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর তিনি ১৯৯৬, ২০০৮, ২০১৮ এবং সর্বশেষ ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও বিজয়ী হন। নবম সংসদে আওয়ামী লীগ সরকার গঠন করলে তিনি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

-পার্বত্য সময়