রাঙামাটি থেকে বিএনপির মনোনয়নে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্য দীপেন দেওয়ান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন। মন্ত্রিপরিষদ থেকে তাকে ফোন করা হয়েছে বলে ঘনিষ্ঠ সূত্র নিশ্চিত করেছে।

বিএনপির একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, এবারই প্রথম সংসদ সদস্য নির্বাচিত হওয়া দীপেন দেওয়ানকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হচ্ছে।

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রথম ধাপে বিজয়ী সংসদ সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১১টার দিকে জাতীয় সংসদ সচিবালয়ের শপথ কক্ষে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।

এদিন পার্বত্য চট্টগ্রামের তিনটি আসন থেকে নির্বাচিত সংসদ সদস্যরাও শপথ গ্রহণ করেন। তারা হলেন- খাগড়াছড়ি-২৯৮ আসনের সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া, রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ান এবং বান্দরবান-৩০০ আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরী।