পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান জানিয়েছেন, বান্দরবানের লামা উপজেলা থেকে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু করা হবে এবং পর্যায়ক্রমে তা পার্বত্য চট্টগ্রামের সব উপজেলায় সম্প্রসারিত হবে।

রোববার সচিবালয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, পার্বত্য অঞ্চলে দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান ‘জিরো টলারেন্স’। দুর্নীতি ও ভূমিদস্যুতার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনে তদন্ত কমিটি গঠন করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, পার্বত্য চট্টগ্রামের তিন জেলা অত্যন্ত সংবেদনশীল হলেও আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান করা হবে।

আগামী ১৮০ দিনের মধ্যে দৃশ্যমান পরিবর্তন আনার লক্ষ্য নির্ধারণ করে মন্ত্রী বলেন, কাজের মাধ্যমেই অগ্রগতি নিশ্চিত করা হবে। একই সঙ্গে পাহাড়ি অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সমন্বিত উদ্যোগকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।

এ সময় এলজিইডি, শিক্ষা মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সব দপ্তরের সঙ্গে সমন্বয় করে কাজ করার জন্য কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি।

সভায় বিশেষ অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, তারা আনুষ্ঠানিকতার জন্য নয়, বরং তারেক রহমান–এর নির্দেশনায় জনগণের কল্যাণে কাজ করতে এসেছেন। ১৮০ দিনের কর্মসূচি বাস্তবায়ন সরকারের অঙ্গীকার বলে তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, ফ্যামিলি কার্ড বিতরণ, বৃক্ষরোপণ এবং কৃষি বিপ্লবের মাধ্যমে উন্নয়নকে ত্বরান্বিত করতে হবে। পাশাপাশি সরকারি কাজে কৃচ্ছ্রসাধন ও অপচয় বর্জনের ওপর গুরুত্বারোপ করেন।

মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মিজানুর রহমান বলেন, নির্বাচনী ইশতেহার অনুসরণ করে ১৮০ দিনের কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে মন্ত্রণালয় বদ্ধপরিকর। পাঁচ কোটি বৃক্ষরোপণ ও ফ্যামিলি কার্ড বিতরণসহ সরকারের সব নির্দেশনা নিষ্ঠার সঙ্গে বাস্তবায়ন করা হবে।

সভায় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।