রোহিঙ্গা ক্যাম্পে ইমামদের প্রশিক্ষণ এবং ক্যাম্পে মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করবে তুরস্কের দিয়ানাত ফাউন্ডেশন। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীন ইসলামিক ফাউন্ডেশনের তত্ত্বাবধান ও গাইডলাইন অনুসরণে এই প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন হবে।

মঙ্গলবার (৭ অক্টোবর)  সচিবালয়ে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনের সাথে দিয়ানাত ফাউন্ডেশনের একটি প্রতিনিধি দলের সাক্ষাৎকালে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এই স্মারক স্বাক্ষরে দুই পক্ষের মধ্যে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়।

ধর্ম উপদেষ্টা ড. খালিদ হোসেন বলেন, “বাংলাদেশ ও তুরস্কের সম্পর্ক অত্যন্ত বন্ধুত্বপূর্ণ ও সুদৃঢ়। বাংলাদেশের সামগ্রিক উন্নয়নে তুরস্ক সরকার ও দিয়ানাত ফাউন্ডেশনের সহযোগিতা কাম্য।”

May be an image of one or more people
কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প

দিয়ানাত ফাউন্ডেশনের ডেপুটি জেনারেল ম্যানেজার রেসেপ সুকুর বলকান বলেন, “বিশ্বের অন্যতম বৃহত্তম মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হিসেবে বাংলাদেশের উন্নয়নে কাজ করতে আমাদের ফাউন্ডেশন আগ্রহী। রোহিঙ্গা ক্যাম্পের মসজিদগুলোতে ইমামদের প্রশিক্ষণ, তাদের আয়বর্ধক কর্মকাণ্ডে সম্পৃক্তকরণ, ক্যাম্পে আশ্রিতদের স্বাস্থ্যসেবা, স্যানিটেশন ও পরিবেশ উন্নয়নে আমরা ইসলামিক ফাউন্ডেশনের নির্দেশিকা অনুসরণ করব। এছাড়া দেশের অন্যান্য এলাকায় মানবসেবা কার্যক্রম পরিচালনা করতেও আমরা আগ্রহী।”

ধর্ম উপদেষ্টা ফাউন্ডেশনকে কার্যক্রম শুরু করার জন্য নিয়মানুসারে আনুষ্ঠানিকতা সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাসও দিয়েছেন। তিনি ইসলামিক ফাউন্ডেশন ও দিয়ানাত ফাউন্ডেশনের মধ্যে সমঝোতা স্মারক প্রক্রিয়া দ্রুত এগিয়ে নেওয়ার অনুরোধ করেন।

এ সময় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খান, উপদেষ্টার একান্ত সচিব ছাদেক আহমদ, দিয়ানাত ফাউন্ডেশনের দক্ষিণ এশিয়া-প্যাসিফিক সমন্বয়কারী ও তুর্কি দূতাবাসের ধর্মীয় সেবা সমন্বয়কারীসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 

সূত্র: বাসস