বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনার জন্য ইউরোপীয় পার্লামেন্টের মানবাধিকারবিষয়ক উপকমিটির (ডিআরওআই) চেয়ারম্যান মৌনির সাতৌরিসহ পাঁচ সদস্যের প্রতিনিধিদল সোমবার ঢাকায় আসছেন।
সূত্র জানায়, এই সফরে ইউরোপীয় পার্লামেন্টের মানবাধিকারবিষয়ক উপকমিটির পাঁচজন সদস্য ছাড়াও পার্লামেন্টের দুজন কর্মকর্তাসহ সব মিলিয়ে ১২ জন সদস্য থাকবেন।
ইউরোপীয় পার্লামেন্টের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রতিনিধিদলটি অন্তর্বর্তী সরকারের প্রতিনিধি, বেসরকারি সংস্থা, নাগরিক সমাজের সংগঠন, শ্রমিক প্রতিনিধি এবং মাঠপর্যায়ে কর্মরত বহুপক্ষীয় সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবে। এ ছাড়া কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থীশিবিরও পরিদর্শন করার কথা রয়েছে প্রতিনিধিদলটির।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র বলছে, খসড়া সূচি অনুযায়ী প্রতিনিধিদলটি আগামী বুধবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবে। আর বৃহস্পতিবার দলটি কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থীশিবির পরিদর্শনে যাবে।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, আজ সোমবার ও আগামীকাল মঙ্গলবার প্রতিনিধিদলটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), জামায়াতে ইসলামী বাংলাদেশ, জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) বেশ কয়েকটি রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে মতবিনিময় করবে।
ইউরোপীয় পার্লামেন্টের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সংস্কারপ্রক্রিয়া শুরু করেছে। এতে দেশের নির্বাচনব্যবস্থা, বিচার বিভাগসহ অন্যান্য মূল প্রতিষ্ঠানগুলোর সংস্কারের বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে। এ ছাড়া ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং বাংলাদেশ একটি নতুন অংশীদারিত্ব ও সহযোগিতা চুক্তি (পিসিএ) নিয়ে আলোচনা পুনরায় শুরু করেছে।
-পার্বত্য সময়


