ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে স্বতন্ত্র ভিপি প্রার্থী জালাল আহমদ জালালের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়েছে।
মামলাটি রাজধানীর শাহবাগ থানায় করা হয়েছে। অভিযোগ, জালাল তার রুমমেট, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রবিউল হককে ছুরিকাঘাত করেছেন। ঘটনার পর জালালকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে হল থেকে বহিষ্কার করা হয়েছে। প্রাধ্যক্ষ মো. সিরাজুল ইসলাম জানিয়েছেন, জালালের ছাত্রত্ব বাতিলের ব্যবস্থা নেওয়া হবে।
শাহবাগ থানার একটি সূত্র জানিয়েছে, আসামি জালালকে ইতিমধ্যেই আদালতে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, দীর্ঘদিন ধরে চলা বাকবিতণ্ডার জেরে জালাল রবিউলকে আঘাত করেন। আহত শিক্ষার্থী রবিউল হককে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তিনি জানিয়েছেন, রাত সাড়ে ১২টার দিকে জালাল তার কক্ষে প্রবেশ করে আলো জ্বালান এবং শব্দ করতে থাকেন। রবিউল প্রতিবাদ করলে জালাল রেগে গিয়ে তাকে আঘাত করেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমদ জানিয়েছেন, ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং আসন্ন ডাকসু নির্বাচনে এই ঘটনার কোনো প্রভাব পড়বে না।

-পার্বত্য সময়