ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের দিন যত এগোচ্ছে, প্রার্থীদের জয়ের সম্ভাবনা নিয়েও চলছে তৎপর আলোচনা। এ বছরের নির্বাচনে সহসভাপতি, সাধারণ সম্পাদক ও সহসাধারণ সম্পাদক পদে মোট ২৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে চট্টগ্রাম বিভাগের প্রার্থীর সংখ্যা সবচেয়ে বেশি। ভিপি পদে চট্টগ্রাম বিভাগের সাতজন প্রার্থী থাকলেও জিএস ও এজিএস পদে তিনজন করে মোট ১৩ জন প্রতিদ্বন্দ্বী হয়েছেন।
উত্তরবঙ্গ থেকে তিনজন, দক্ষিণবঙ্গ থেকে ভিপি একজন, জিএস চারজন এবং এজিএস তিনজন প্রার্থী লড়ছেন। সিলেট ও ময়মনসিংহ থেকে দুইজন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জেলা ভিত্তিকভাবে চট্টগ্রাম জেলার ভিপি পদে দুইজন ও এজিএস পদে একজন, কুমিল্লা জেলার ভিপি দুইজন ও জিএস একজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। খুলনা জেলায় তিনটি পদে একজন করে লড়ছেন। রাঙামাটি, বরগুনা, রাজবাড়ী ও সিরাজগঞ্জসহ অন্যান্য জেলা থেকেও শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এবারের ডাকসু নির্বাচনে নিষিদ্ধ ছাত্রলীগ বাদে ছাত্রদল, ছাত্রশিবির, জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া গণতান্ত্রিক ছাত্র সংসদ, বাম ছাত্র সংগঠন, স্বতন্ত্র মিলিয়ে ৯টি প্যানেল হয়েছে। এসব প্যানেলের শীর্ষ নেতৃত্ব সহসভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস) এবং সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে মোট ২৭ জন প্রার্থী হয়েছেন। এসব পদে দক্ষিণ-পূর্বাঞ্চল বা চট্টগ্রাম বিভাগের প্রার্থীর সংখ্যা বেশি দেখা গেছে। এ ছাড়া উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ এবং সিলেট বিভাগসহ অন্য জেলার শিক্ষার্থীরা প্রার্থী হয়েছেন।
এবারের নির্বাচনে ছাত্রদলের প্যানেল থেকে ভিপি পদে নির্বাচন করবেন ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৫-১৬ সেশনের কবি জসীম উদ্দীন হলের শিক্ষার্থী আবিদুল ইসলাম খান। তাঁর বাড়ি কুমিল্লায়।
বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের প্যানেল বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদের ভিপি পদে লড়বেন ২০১৮-১৯ সেশনের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের ও বিজয় একাত্তর হলের ছাত্র আব্দুল কাদের। তাঁর বাড়ি লক্ষ্মীপুর জেলায়। জিএস পদে আবু বাকের মজুমদার ভূতত্ত্ব বিভাগের ২০১৯-২০ সেশন ও ফজলুল হক মুসলিম হলের ছাত্র। তিনি কুমিল্লার বাসিন্দা।
ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট থেকে ভিপি পদে দাঁড়িয়েছেন চট্টগ্রামের আবু সাদিক কায়েম। তিনি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৬-১৭ সেশন ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের শিক্ষার্থী। জিএস পদপ্রার্থী এস এম ফরহাদের বাড়ি রাঙামাটি। তিনি সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী।
উমামা-সাদী নেতৃত্বাধীন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের ভিপি পদে উমামা ফাতেমা প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ সেশন এবং কবি সুফিয়া কামাল হলের ছাত্রী। তিনি চট্টগ্রামের মেয়ে। জিএস পদে আল সাদী ভূঁইয়া নৃবিজ্ঞান বিভাগের ২০১৬-১৭ সেশন ও সূর্য সেন হলের ছাত্র। তাঁর বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। এজিএস পদে জাহেদ আহমদের বাড়ি চট্টগ্রামের রাউজানে। তিনি সমাজবিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ সেশন ও সূর্য সেন হলের ছাত্র।
জামালুদ্দীন খালিদ-মাহিন সরকার নেতৃত্বাধীন সমন্বিত শিক্ষার্থী সংসদের ভিপি জামালুদ্দীন মুহাম্মদ খালিদ আরবি বিভাগের ২০১৮-১৯ সেশন ও কবি জসীম উদ্দীন হলের ছাত্র। তাঁর বাড়ি চাঁদপুর জেলায়। এজিএস পদে ফাতেহা শারমিন অ্যানি লক্ষ্মীপুরের মেয়ে। তিনি ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ সেশন ও শামসুন নাহার হলের ছাত্রী।
ইসলামী ছাত্র আন্দোলনের প্যানেল সচেতন শিক্ষার্থী সংসদের ভিপি পদে নোয়াখালীর মোহাম্মদ ইয়াছিন আরাফাত ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৭-১৮ সেশন ও শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের ছাত্র। এজিএস পদে সাইফ মোহাম্মদ আলাউদ্দিনের বাড়ি নোয়াখালীতে। তিনি আরবি বিভাগের ২০২০-২১ সেশন ও স্যার এ এফ রহমান হলের ছাত্র।
তিন বাম সংগঠনের ‘অপরাজেয় ৭১-অদম্য ২৪’ প্যানেলের ভিপি পদে নাইম হাসান হৃদয় যোগাযোগ বৈকল্য বিভাগের ২০১৭-১৮ সেশন ও বিজয় একাত্তর হলের ছাত্র। তার বাড়ি কুমিল্লায়।
এছাড়াও বিভিন্ন পদে পার্বত্য চট্টগ্রামসহ এই এলাকার উল্লেখযোগ্য সংখ্যক ছাত্র নেতা অংশগ্রহণ করেছেন।
-পার্বত্য সময়


