আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন পার্বত্য চট্টগ্রামের আরেক শিক্ষার্থী সুর্মি চাকমা। এর আগে পার্বত্য চট্টগ্রামের হেমা চাকমা ও সর্ব মিত্র চাকমার অংশগ্রহণের খবর প্রকাশ পায়।
মনোনয়নপত্র সংগ্রহের পর নিজের ফেসবুক পেজে দুটি ছবি পোস্ট করে সুর্মি চাকমা লেখেন—
“ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর যৌক্তিক দাবি ও ন্যায্য অধিকার আদায়ের প্রশ্নে আপোষহীন হয়ে বলিষ্ঠ ভূমিকা রাখার জন্য সুষ্ঠু প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে মনোনয়নপত্র সংগ্রহ করলাম। অতি দ্রুত ডাকসু কেন্দ্রীয় সংসদে আমার পদ ও কর্মপরিকল্পনা উপস্থাপন করবো।”
দীর্ঘ ছয় বছর পর আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ডাকসু ও হল সংসদ নির্বাচন। ঘোষিত তফসিল অনুযায়ী, ১২ থেকে ১৮ আগস্ট পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহের সুযোগ ছিল। আজ (১৮ আগস্ট) ছিল মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন। প্রার্থীরা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের তৃতীয় তলায় চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিনের অফিস থেকে ফরম সংগ্রহ করেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় আগামীকাল ১৯ আগস্ট বেলা ৩টা। যাচাই-বাছাই শেষে ২১ আগস্ট দুপুর ১টায় চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয় প্রশাসন ইতোমধ্যে ডাকসু ও হল সংসদ নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে। খসড়া তালিকা থেকে বাদ পড়েছেন ১৫৭ জন। চূড়ান্ত তালিকায় মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৭৭৫ জন। এর মধ্যে ছাত্র ভোটার ২০ হাজার ৮৭১ জন এবং ছাত্রী ভোটার ১৮ হাজার ৯০২ জন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে সর্বশেষ ডাকসু নির্বাচন হয়েছিল ২০১৯ সালে। এরপর দীর্ঘ বিরতি এবং সাম্প্রতিক জুলাই গণ-অভ্যুত্থানের প্রেক্ষাপটে এবারের নির্বাচন ভিন্ন মাত্রা পেয়েছে।

-পার্বত্য সময়