শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো বাংলাদেশসহ এশিয়ার পাঁচটি দেশ। রিখটার স্কেলে ৫ দশমিক ৬ মাত্রার এই ভূমিকম্পে বাংলাদেশ-ভুটানের পাশাপাশি ভারত, চীন এবং নেপালেও তীব্র কম্পন অনুভূত হয়েছে।

রোববার (৭ জুন) রাত ১১টা ৩৬ মিনিটে ৫ দশমিক ৬ মাত্রার এই কম্পন অনুভূত হয়।

জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) এবং বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৬। এর উৎপত্তিস্থল ছিল ভুটানের পুনাখা শহর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে ভূগর্ভের গভীরে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা জানান, রোববার রাতে দেশের বিভিন্ন জেলা থেকে ভূমিকম্পের তথ্য পাওয়া গেছে। মূলত রংপুর ও রাজশাহী বিভাগের জেলাগুলোতে কম্পনের তীব্রতা বেশি ছিল। তবে রাজধানী ঢাকা এবং সিলেটসহ দেশের অন্য প্রান্ত থেকেও বাসিন্দারা কম্পন অনুভব করেছেন।

তবে ভূমিকম্পে বাংলাদেশে কোথাও কোনো হতাহতের খবর বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।