ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশন সূত্র জানিয়েছে, তফসিল ঘোষণার ভাষণের খসড়াও চূড়ান্ত করা হয়েছে। বুধবার সন্ধ্যায় অথবা ১১ ডিসেম্বর (বৃহস্পতিবার) তফসিল ঘোষণা করা হতে পারে বলে গণমাধ্যমে জানিয়েছেন নির্বাচন কমিশনার রহমানেল মাসউদ।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) তিনি বলেন, “আগামীকাল বুধবার রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে সন্ধ্যায় কিংবা ১১ ডিসেম্বর তফসিল ঘোষণা করবে কমিশন।” রাজনৈতিক দলগুলোর সহযোগিতাকে তফসিল ঘোষণার ভাষণে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হবে বলেও জানান তিনি।

ইতোমধ্যে তফসিল ঘোষণার প্রক্রিয়ার অংশ হিসেবে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের ভাষণ রেকর্ড করতে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বেতারকে চিঠি দিয়েছে ইসি। জানা গেছে, বুধবার বিকেল ৪টার দিকে সিইসির ভাষণ রেকর্ড করা হবে।

এর আগে বুধবার দুপুর সাড়ে ১২টায় সিইসি ও অন্যান্য নির্বাচন কমিশনাররা বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করে নির্বাচনের সার্বিক প্রস্তুতি সম্পর্কে অবহিত করবেন।

কমিশন সূত্র আরও জানিয়েছে, বুধবার বা বৃহস্পতিবার জাতির উদ্দেশে সিইসির রেকর্ড করা ভাষণ সম্প্রচারের মাধ্যমে তফসিল ঘোষণা করা হবে। অতীতেও সিইসির ভাষণ রেকর্ডের দিনই তফসিল ঘোষণার নজির রয়েছে; এবারও তেমনটি হওয়ার সম্ভাবনা বেশি।

এদিকে, গতকাল আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ বলেন, বিটিভি ও বেতারকে ভাষণ রেকর্ডের জন্য চিঠি দেওয়া হয়েছে। তবে রেকর্ডিংয়ের নির্দিষ্ট সময় তিনি জানাননি। সূত্র জানিয়েছে, ভাষণ রেকর্ড করার পর তাৎক্ষণিকভাবে প্রচারের জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে।