জাতিসংঘের খাদ্য নিরাপত্তা বিষয়ক সংস্থা ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম (ডব্লিউএফপি)-এর মিয়ানমার শাখার পরিচালক মাইকেল ডানফোর্ড বলেছেন, মিয়ানমারের আরাকান রাজ্যে চলমান সংঘাত শেষ হলে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের নিজ দেশে ফেরার জন্য অনুকূল পরিবেশ তৈরি হবে। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে আরাকানে শান্তি স্থাপনের জন্য কূটনৈতিক তৎপরতা জোরদার করার আহ্বান জানিয়েছেন।
সম্প্রতি জাপানি সংবাদমাধ্যম এনএইচকে-কে দেওয়া সাক্ষাৎকারে ডানফোর্ড বলেন, “বাংলাদেশে থাকা রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নেওয়ার পথে সবচেয়ে বড় বাধা হলো আরাকানের চলমান সংঘাত। সংঘাত থামলেই তাদের নিরাপদ ও স্বেচ্ছামূলক প্রত্যাবাসনের পরিবেশ তৈরি হবে। আমরা আন্তর্জাতিক বিশ্বকে এ জন্য জোরদার কূটনৈতিক উদ্যোগ গ্রহণের আহ্বান জানাচ্ছি।”
ডানফোর্ড আরও জানান, মিয়ানমার এবং দেশের বাইরে বসবাসরত রোহিঙ্গাদের জন্য খাদ্য সহায়তার প্রয়োজন রয়েছে। চলতি ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের হিসাব অনুযায়ী, রোহিঙ্গাদের ছয় মাসের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে দাতা দেশগুলোর কাছে প্রায় ৩ কোটি ডলার সহায়তার আবেদন করা হয়েছে। তিনি বলেন, “অর্থ না পেলে রোহিঙ্গারা যথেষ্ট খাদ্য পাবেন না, যার ফলে অপুষ্টি ও খাদ্য-সংক্রান্ত মানবিক সংকট বৃদ্ধি পাবে।”
ডানফোর্ডের মতে, রোহিঙ্গাদের মানবিক চাহিদা পূরণ এবং তাদের নিরাপদ প্রত্যাবাসনের জন্য আন্তর্জাতিক সংস্থাগুলো এবং দাতা দেশগুলোর সমন্বিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
-পার্বত্য সময়


