আসন্ন ১৩তম জাতীয় সংসদ নির্বাচন আন্তর্জাতিক মান বজায় রেখে আয়োজনের জন্য বাংলাদেশকে ৪ মিলিয়ন ইউরো সহায়তা দেবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
একইসঙ্গে, নির্বাচনের পরিবেশ মূল্যায়নে আগামী মাসে একটি টেকনিক্যাল বিশেষজ্ঞ দল বাংলাদেশে আসবে। পরবর্তীতে তাদের প্রতিবেদনের ভিত্তিতে ইইউ নির্বাচনী পর্যবেক্ষক মিশন পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত নেবে।
মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। বৈঠকটি সকাল ১১টা থেকে শুরু হয়ে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত চলে।
ইইউ রাষ্ট্রদূত বলেন, “আগামী মাসে একটি টেকনিক্যাল টিম আসবে। তারা মূলত নির্বাচনী পর্যবেক্ষণ মিশন নয়; বরং বাংলাদেশে মিশন পাঠানো সম্ভব হবে কিনা তার পরিবেশ ও শর্তগুলো মূল্যায়ন করবে।”
তিনি আরও বলেন, “ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশকে একটি গণতান্ত্রিক নির্বাচনের দিকে এগিয়ে নিতে সহযোগিতা করছে। আমরা ২০২৬ সালের শুরুর দিকে একটি সম্ভাব্য সময়রেখা নিয়ে এগোচ্ছি।”
নির্বাচনী পরিবেশ সম্পর্কে জানতে চাইলে মিলার বলেন, “আমি দেখতে পাচ্ছি, গণমাধ্যম ও রাজনৈতিক মহলে নির্বাচন নিয়ে ব্যাপক আলোচনা ও মনোযোগ রয়েছে।”
তিনি যোগ করেন, “আমাদের লক্ষ্য হবে বাংলাদেশের নির্বাচনকে বিশ্বাসযোগ্য ও আন্তর্জাতিক মানসম্মত করা। এজন্য আমরা নির্বাচন কমিশনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের স্বাধীনতা, দক্ষতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিচ্ছি।”
বাংলাদেশকে ইইউ সম্ভাব্য পর্যবেক্ষক মিশনের জন্য অগ্রাধিকার দিচ্ছে বলেও উল্লেখ করেন তিনি। “আমরা এ বিষয়ে অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশনের সঙ্গে আগামী মাসগুলোতে আলোচনা চালিয়ে যাবো,” বলেন তিনি।
মিলার বলেন, “নির্বাচনের তারিখ ঘোষণা করা আমাদের কাজ নয়, এটি নির্বাচন কমিশনের এখতিয়ার। তবে বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিত করতে এখনই কিছু বাস্তব পদক্ষেপ নেওয়া জরুরি। সেই কারণেই আমরা আমাদের বিশেষজ্ঞতা কাজে লাগাচ্ছি যাতে এই নির্বাচন সত্যিকারের অর্থে সুষ্ঠু, নিরপেক্ষ এবং আন্তর্জাতিক মান অনুযায়ী অনুষ্ঠিত হয়।”
-পার্বত্য সময়


